মাদারীপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় মাদারীপুর জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান মঙ্গলবার এ আদেশ দেন।
আসামিদের মধ্যে রয়েছেন- জেলা ছাত্রদল সভাপতি মোফাজ্জল হোসেন মফা, সাধারণ সম্পাদক অহিদুর রহমান খান অহিদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দর্জি, স্বেচ্চাসেবক দলের আহবায়ক রাশেদুজ্জামান রাসেল, সাবেক ছাত্রদল সহ-সভাপতি শাহ আলম। বাকিদের নাম জানা যায়নি।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ পারভেজ বলেন, গত ১৭ ফেব্রুয়ারি জেলা কমিটি ঘোষণার পর একটি আনন্দ মিছিল বের করে। একই সময় বঞ্চিতদের কয়েকজন নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি ডিসি ব্রীজ এলাকায় এক ফার্নিচার ব্যবসায়ীকে মারধর করে।
এর কিছুক্ষণ পর জেলা সদর জামে মসজিদের কাছে অচেতন পড়ে থাকা পারভেজ নামের একটি ছেলেকে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
নিহত পারভেজ খানের বাবা কুদ্দুস খান বাদী হয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর হোসেনসহ ছাত্রদলের ১১ নেতাকর্মীকে আসামি করে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৭ ঘ.
bdnews24