২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে অর্থ বিল ২০১১ পাস

প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে জাতীয় সংসদে মঙ্গলবার অর্থবিল-২০১১ পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে জাতীয় সংসদে মঙ্গলবার অর্থবিল-২০১১ পাস হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থ বিল-২০১১ মঙ্গলবার রাত ৯টা ৫২ মিনিটে সংসদে উত্থাপন করেন। তা পরে কণ্ঠভোটে পাস হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এ সময় সংসদে ছিলেন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর। এর আগে এই বিলের উপর আনীত জনমত যাচাই প্রস্তাবগুলো নাকচ করা হয়। তবে বেশ কিছু প্রয়োজনীয় সংশোধনী গ্রহণ করা হয়। বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে- এ অর্থ বিলের উদ্দেশ্য হলো ২০১১ সালের ১ জুলাই থেকে শুরু অর্থবছরের জন্য আর্থিক বিধান করা এবং কতিপয় আইন সংশোধন করা। গত ৯ জুন ২০১১-১২ অর্থ-বছরের বাজেট পেশের দিন এই অর্থ বিল সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। ওইদিন অর্থমন্ত্রী ২০১১-১২ অর্থবছরের জন্য এক লাখ ৬৮ হাজার পাঁচশ ৮৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেট প্রস্তাবের সময়ও বিএনপি সংসদে ছিলো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২২১৩ ঘ.