বগুড়া, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তার চুরি হওয়ায় বগুড়া শহরের অন্তত সাড়ে তিন হাজার টেলিফোন সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
সোমবার গভীর রাতে শহরের ফতেহ আলী বাজার মোড়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এই তার চুরি হয়।
সংযোগ পনরায় চালু করতে বিটিসিএল'র প্রকৌশলীরা কাজ করছেন। এক সপ্তাহের মধ্যে সব সংযোগ চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
বিটিসিএল'র উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুর মালেক মঙ্গলবার সন্ধ্যায় জানান, রাত সাড়ে ১২টার দিকে ফতেহ আলী বাজার মোড়ে ড্রেনের পাশে ঢালাই ভেঙে পাকা রাস্তর মাটির নিচ থেকে ক্যাবল চুরি করে দুর্বৃত্তরা।
লাইন মেরামতের জন্য ঢাকা থেকে ক্যাবল সংগ্রহ করা হচ্ছে। বুধবার থেকে কাজ শুরু হবে। সংযোগ চালু করতে ৫/৭ দিন সময় লাগবে।
তিনি আরো বলেন, চুরি হওয়া ক্যাবলের দাম প্রায় এক লাখ টাকা। সাড়ে তিন হাজারেরও বেশি টেলিফোন লাইন বিকল হয়ে পড়েছে।
বিচ্ছিন্ন হওয়া এলাকাগুলো হলো- বাদুরতলা, চাঁদনীবাজার, মাটিডালী, কামারগাড়ি, কালিতলা, কটনমিল, বটতলা, নুরানীমোড়, নামাজগড়, গোদারপাড়া, এরুলিয়া বিমান বন্দরসহ শহরের আরো কয়েকটি এলাকা।
এ ব্যাপারে সদর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.
bdnews24