কুড়িগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও কার্যালয়ে ভাংচুর চালিয়েছে তার সমর্থকরা।
এতে সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছন।
মঙ্গলবার দুপুরে চাকিরপশার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পীর সমর্থকরা এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
আতরা হলেন- স্থানীয় সাংবাদিক সাজেদুর রহমান ম-ল চাঁদ (৪৪), আওয়ামী লীগকর্মী দুলাল চন্দ্র রায় (৪০), উশিল চন্দ্র (৩৫), জায়েদ (২৫) ও শামিম ( ২২)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে রাজারহাট থানার ওসি সাজেদুল ইসলামকে প্রত্যাহার এবং চাকিরপাশা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পীসহ ২১ জনের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা ৪৮ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসিফ সোহরাওয়ার্দী রাজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাজমা নুর বেগম, বাদশা মিয়া, আশিকুল ইসলাম সাজু, জাকারিয়া খান লিটন প্রমুখ।
'মিথ্যা' মামলা তুলে না নিলে প্রয়োজনে হরতাল, অনশনসহ আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তারা।
পরে দেড়টার দিকে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
গত ২৫ জুন চাকিরপশার ইউনিয়নের এক পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে নব নির্বাচিত চেয়ারম্যানসহ ২১ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়।
চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী রংপুর জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম হামলার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।
রাজারহাট থানার ওসি সাদেকুল ইসলাম বলেন, দুলাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি বাদী হয়ে ২৪ জনকে আসামি করে একটি অভিযোগপত্র থানায় জমা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১১ ঘ.
bdnews24