২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আ'লীগের ১১০ নেতাকর্মীর নামে মামলা

সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে আগুন দেয়ার ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১১০ নেতা-কর্মীর নামে মামলা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

সিরাজগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে আগুন দেয়ার ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১১০ নেতা-কর্মীর নামে মামলা করেছে বিএনপি। বিএনপি কার্যালয়ের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম মঙ্গলবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক হাসান মাহমুদ মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান ওই আদালতের পেশকার শহিদুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলতাব হোসেন, শহর কমিটির সাধারণ সম্পাদক দানিউল ইসলাম, ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর সেলিম আহমেদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১১০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। গত ১৫ জুন শহরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ২০ জন আহত হয়। এই ঘটনার পর সিরাজগঞ্জ সদর থানায় তিনটি মামলা হয়। ইতোমধ্যে এই মামলায় জেলা বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও পৌর মেয়রসহ ২২ নেতা-কর্মী কারাগারে আটক আছেন। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি গত ২৬ জুন শহরে আধাবেলা হরতাল পালন করে। সংঘর্ষের ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ গত ২১ জুন শহরে বিক্ষোভ মিছিল শেষে বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে আগুন দেয় বলে অভিযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৫৮ ঘ.