২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি মিছিল নিয়ে স্মারকলিপি দিলো ইউএনওকে

সরকারি কাজে বাধা দেওয়ার মামলার আসামি, পরাজিত এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে স্মারকলিপি নিয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

নড়াইল, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কাজে বাধা দেওয়ার মামলার আসামি, পরাজিত এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে স্মারকলিপি নিয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আসামি গ্রেপ্তারের দায়িত্ব পুলিশের- এ কথা বলে নিজের কাজের পক্ষে যুক্তি দেখিয়েছেন ইউএনও অরুণ কুমার মণ্ডল। অন্যদিকে লোহাগড়া থানার ওসি আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি অনুকূলে না থাকায় মিছিল থেকে আসামিকে আটক করা সম্ভব হয়নি।" ইতনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাজমুল হাসান টগর মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে ইউএনও'র কাছে স্মারকলিপি দেন। তিনি একটি কেন্দ্রে ভোট পুনঃগ্রহণের দাবি জানিয়েছেন। রোববার ইতনা ইউনিয়নে ভোট হয়। ভোটের সময় টগরের সমর্থকরা নির্বাহী হাকিম মো. তবিবুর রহমানকে বহনকারী বিজিবির একটি গাড়ি ভাংচুর করে। ওই সময় বিজিবির লাঠিপেটায় আহত হয় ২০ জন। সোমবার তবিবুরের গাড়িচালক হাসান আলী সরকারি কাজে বাধা, গাড়ি ভাংচুরের অভিযোগ এনে টগরসহ ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হন শিহানুক রহমান। টগর স্মারকলিপিতে অভিযোগ করেন, ভোট চলাকালে ইতনা প্রাথমিক বিদ্যালয় ও ইতনা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিজিবির সদস্যরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিহানুক রহমানের পক্ষ নিয়ে ভোটারদের লাঠিপেটা করে। ওই ঘটনার পর ভোটাররা ভয়ে কেন্দ্রে না যাওয়ায় নির্বাচন কর্মকর্তারা তাড়াহুড়া করে ভোট গণনার কাজ শেষ করেন বলে স্মারকলিপিতে বলা হয়। ওই কেন্দ্রের ভোট পুনঃগ্রহণের দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোল্যার মাঠ এলাকায় নড়াইল-কালনা সড়ক অবরোধ করে রাখে টগরের সমর্থকরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা ইউএনও'র কাছে স্মারকলিপি দেয়। ইউএনও সাংবাদিকদের বলেন, টগর কয়েকশ সমর্থক নিয়ে উপজেলা কমপ্লেক্সে মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়। এরপর টগর ও তার ৫/৬ জন সমর্থক এসে স্মারকলিপি দিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮৩০ ঘ.