২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ব্যালট বাক্স ছিনতাই চেষ্টা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

গাইবান্ধা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার বিকালে দরবস্ত ইউনিয়নের রামনাথপুর বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এছাড়া রাজাহাট ইউনিয়নে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্ট ধাওয়ার পর কয়েকটি ঘরবাড়িতে ভাংচুর চালানো হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, ভোট গ্রহণকালে বিকাল ৩টার দিকে কেন্দ্রের বাইরে দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে তারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ শটগানের তিন রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বেলা ১টার দিকে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আব্দুল লতিফের সমর্থকরা প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মকুর সমর্থকদের ঘর-বাড়িতে ভাংচুর চালায়। এ সময় পাঁচজন আহত হয়। তাদের মধ্যে আজাদ হোসেন (৪৫) নামে একজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৭ ঘ.