২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ ভবন নির্মাণ বন্ধে সচেতনতা সৃষ্টির উদ্যোগ

চট্টগ্রাম নগরীতে অবৈধ, ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ বন্ধ ও জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 05:23 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে অবৈধ, ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ বন্ধ ও জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এজন্য নগরীর বিভিন্ন সরকারি সংস্থা এবং জন প্রতিনিধিদের নিয়ে ১২ সদস্যের একটি নগর উন্নয়ন কমিটি ও ৬ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বহুতল ভবনের গুণগত মান নির্ণয়, অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করবে। সোমবার দুপুরে সিডিএ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। পরিকল্পিত নগরায়নে ইমারত নির্মাণ বিধিমালা ও আইন প্রয়োগকারী সংশ্লিষ্টদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে সিডিএ। সভায় আবদুচ ছালাম বলেন, সম্পতি নগরীতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ বেড়ে গেছে। চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে হলে এখনই এসব বন্ধ করতে হবে। এজন্য সিডিএ'র ভূমিকাই বেশি উল্লেখ করে তিনি বলেন, বহুতল ভবন নির্মাণে আইন থাকা সত্ত্বেও কেউ তা মানছেন না। বর্তমান ও ভবিষ্যতে যাতে নগরীতে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভবন তৈরি না হয় সে জন্য জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে সিডিএ। এখন থেকে ড্যাব (ডিটেইল এরিয়া প্ল্যান) এবং বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ২০টি ভবনের সচিত্র প্রতিবেদন তুলে ধরেন কমিটির সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সভায় বিভিন্ন আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, প্রকৌশলী, স্থপতি ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কেএমএস/২৩১৭ ঘ.