চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র মনজুর আলম।
সোমবার বিকালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) ১২তম সাধারণ সভায় মেয়র এসব প্রকল্প দ্রুতগতিতে শেষ করার তাগাদা দেন।
সাধারণ সভায় জলাবদ্ধতা নিরসনে মনিটরিং সেল গঠন ও নতুন একাধিক প্রকল্প গ্রহণ, সিসিসি'র মালিকানাধীন ওষুধ কোম্পানি লিজ প্রদান, জন্ম- মৃত্যু সনদ নিবন্ধন, বিলবোর্ড অপসারণ, সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা, গত অর্থ বছরে গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
মেয়র মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০১০- ১১ অর্থ বছরের শেষ সাধারণ সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ক ম সাইফুল ইসলাম, সিসিসি'র প্যানেল মেয়র, কাউন্সিলর ও বিভিন্ন বিভাগের প্রধানসহ কর্মকর্তারা অংশ নেন।
সভার বরাত দিয়ে সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জলাবদ্ধতা নিরসনে গত অর্থ বছরে সিসিসি'র পাঁচ ডিভিশনের অধীনে গৃহীত প্রকল্পগুলোর কাজ শেষ না হওয়ায় মেয়র সভায় ক্ষোভ প্রকাশ করেছেন।
"প্রকৌশল বিভাগের পক্ষ থেকে সভায় জানানো হয় গৃহীত প্রকল্পের মোট ৭০ থেকে ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৪৬ ঘ.
bdnews24