ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মান নিয়ে কথা বলার মতো সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন আইসিটিজে এশিয়া অঞ্চলের পরিচালক প্যাট্রিক বার্জেস।
সোমবার অপরাধ একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত ট্রাইবুনালের প্রসিকিউটরদের সঙ্গে আলোচনা শেষে এ কথা বলেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিসের (আইসিটিজে) এ কর্মকর্তা।
প্যাট্রিক বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে সংঘটিত অপরাধের বিচার করছে। এ বিচারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর দৃষ্টি আছে। আশা করছি, আন্তর্জাতিক মানে এই বিচার হবে।
"তবে বর্তমানে আন্তর্জাতিক মানে হচ্ছে কি না, এটি এখনো বলা সম্ভব নয়। সেই সময় এখনো আসেনি।"
বৈঠকে অংশগ্রহণকারী প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক মানের সঠিক কোনো সংজ্ঞা না থাকলেও কিছু সাধারণ বিষয় রয়েছে কি না- তা দেখা হয়।
"যেমন, আসামি পক্ষ আত্মপক্ষ সমর্থন করতে পারছে কি না, আত্মপক্ষ সমর্থনের প্রয়োজনীয় তথ্য উপাত্ত পাচ্ছে কি না, আদালতে বক্তব্য দিতে বা আইনজীবী নিয়োগের অধিকার, বিচারে উভয়পক্ষকে সমান সুযোগ সুবিধা দেওয়ার বিষয়গুলো দেখা হয়।"
এই সব দিক থেকে আমাদের এই বিচার আন্তর্জাতিক মানে হচ্ছে, বলেন জেয়াদ আল মালুম।
অভিযুক্তদের বিনা বিচারে আটকে রাখার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর চেয়ে কম সময়ে বিচার শুরু করতে পারার দৃষ্টান্ত পৃথিবীতে আর নেই। অন্যান্য দেশে এক্ষেত্রে অন্ত দেড় দুই বছর সময় লেগেছে।
আলোচনায় অন্যদের মধ্যে আইসিটিজে'র ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের পরিচালক ম্যারিকে ওয়ের্দা, বাংলাদেশের ট্রাইবুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, মোখলেসুর রহমান বাদল, আব্দুর রহমান হাওলাদার, রানা দাশ গুপ্ত, ফজিলাতুন্নেসা বাপ্পী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/২১১৫ ঘ.
bdnews24