২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটগ্রামে এসিড সন্ত্রাস, পঞ্চম শ্রেণীর ছাত্রী দগ্ধ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামে সাজেদা বেগম নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী এসিড সন্ত্রাসের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

লালমনিরহাট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামে সাজেদা বেগম নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী এসিড সন্ত্রাসের শিকার হয়েছে। সন্ত্রাসীদের নিক্ষিপ্ত এসিডে তার মুখমণ্ডল ও মাথা মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। সাজেদার মা মেরিনা বেগম জানান, সোমবার ভোর ৪টার দিকে সন্ত্রাসীরা তাদের খড়ের ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ঘুমন্ত সাজেদার মুখমণ্ডলে ও মাথায় এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। সাজেদার চিৎকারে বাবা-মা ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং সাজেদার মুখমণ্ডল ও মাথায় পানি ঢালতে থাকেন। সকালে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের সহযোগিতায় ঢাকায় এসিড সারভাইভার্স ফাউন্ডেশনে চিকিৎসার জন্য পাঠানো হয়। সাজেদার ওপর কারা এসিড নিক্ষেপ করেছে, কী কারণে করেছে সে ব্যাপারে পরিবারের লোকজন কিছুই বলতে পারছে না। পাটগ্রাম উপজেলা ব্র্যাক কার্যালয়ের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, চিকিৎসার জন্য আমাদের এনজিও থেকে তাকে ঢাকায় নিয়ে যাচ্ছি। পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. এলিনা পারভীন বলেন, এসিডে ত্বক দগ্ধ হওয়ায় সাজেদার মুখমণ্ডলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হতে পারে এবং মাথার চুল পড়ে যেতে পারে। রাসায়নিক পরীক্ষার পর বলা যাবে এটি কোন ধরণের এসিড। পাটগ্রাম থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন বলেন, আমি হাসপাতালে মেয়েটিকে দেখেছি। তদন্ত করে আসামিকে খুঁজে বের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১১১ ঘ.