ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার শ্যামলীতে হরতালের সমর্থনে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিলের লাঠিপেটার পর কমিউনিস্ট পার্টির তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে শ্যামলীর রিং রোডে মিছিল থেকে তাদের আটক করা হয়।
আদাবর থানার উপ-পরিদর্শক আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে। এরা হচ্ছেন আহসান হাবিব লাবলু, নিমাই গাঙ্গুলী ও আকবর হোসেন।
লাবলু কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী সদস্য এবং আকবর হোসেন মোহাম্মদপুর থানার সিপিবি কর্মী।
কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স দাবি করেছেন, মোহাম্মদপুর থানার কমিউনিস্ট পার্টির নেতা মনিরুল হুদা বাবনকেও আটক করা হয়েছে।
তেল-গ্যাস রক্ষা কমিটির মিছিলে পুলিশকে লাঠিপেটা করতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিবেদক।
সাগরে দুটি ব্লকে খনিজ অনুসন্ধানে কনকোফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগামী ৩ জুলাই ঢাকায় আধাবেলা হরতাল ডেকেছে নাগরিক এ কমিটি।
হরতালের সমর্থনে সোমবার বিকালে মোহাম্মদপুর টাউন হলের সামনে সমাবেশ করে কমিটির নেতা-কর্মীরা।
সমাবেশ চলাকালে লিফলেট বিতরণের সময় প্রথম দফায় তেল-গ্যাস কমিটির কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।
তারা সমাবেশ শেষে বিকাল ৫টার দিকে মিছিল নিয়ে মোহাম্মদপুর কৃষি মার্কেটের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। ওই সময় পুলিশ ব্যানার ছিনিয়ে নেয় বলেও কমিটির সদস্যরা অভিযোগ করেছেন।
কৃষি মার্কেটে যাওয়ার পথে মিছিলকারীদের কয়েক দফা বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তেল-গ্যাস রক্ষা কমিটির নেতাকর্মীদের কয়েক দফা ধস্তাধস্তি হতেও দেখা যায়।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ওয়ার্কার্স পার্টির (মেনন গ্র"প) রাগিব হাসান মুন্না বলেন, "আমরা খুবই শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। কিন্তু পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সমাবেশ পণ্ড করার চেষ্টা করে। তারা আমাদের প্রচারপত্র ছিনিয়ে নিয়ে গেছে।"
এসময় পুলিশ এনটিভির ক্যামেরাম্যানের ক্যামেরা ছিনিয়ে নেয়ারও চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।
কৃষি মার্কেটের সামনে সমাবেশ শেষে তেল-গ্যাস কমিটির কর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে শ্যামলীর দিকে যেতে থাকে।
এরপর শ্যামলীর কাছাকাছি জায়গায় রিং রোডে একটি মিছিলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এখান থেকে প্রকৌশলী নিমাই গাঙ্গুলী এবং আহসান হাবিব লাবলু আটক হন।
কিছু পরে একটু সামনে জড়ো হওয়া জাতীয় কমিটির কর্মীরাও পুলিশের লাঠিপেটার শিকার হন। পুলিশ অল্প কিছুক্ষনের মধ্যেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরআর/আরএ/এসআইএম/এমআই/পিডি/২২৫৬ ঘ.
bdnews24