গাজীপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ী মাঠ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে খেলাপ্রিয় সচেতন যুবসমাজ।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গাজীপুর পৌরসভার কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, শরিফ উদ্দিন, খেলাপ্রিয় সচেতন যুবসমাজের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, শেখ মাসুদ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন।
তারা বলেন, ঐতিহ্যবাহী এ খেলার মাঠটি সারা বছরই মেলা ও ভ্র্যাম্যমাণ দোকানদের দখলে থাকে। ফলে এখানে শিশু-কিশোররা খেলাধুলার কোনো সুযোগ পায় না।
আয়োজকরা জানান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান সারওয়ার স্মারকলিপিটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
মাঠ সংলগ্ন গাজীপুর সরকারি মহিলা কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, মাঠটিতে একসময় এলাকার শিশু-কিশোররা অবাধে খেলাধুলা করতে পারতো। কিন্তু এখন মাঠটি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হওয়ায় শিশু-কিশোররা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭০৯ ঘ.
bdnews24