ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকসই উন্নয়ন ও দারিদ্র বিমোচনের জন্য দেশীয় পণ্য নির্ভর ক্ষুদ্র শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
সোমবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে 'টেকসই উন্নয়নের জন্য বিজ্ঞান শিক্ষা' শীর্ষক দু'দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
শিক্ষা মন্ত্রণালয়, ইউনেস্কো এবং কমিশন অন সায়েন্স এন্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিওএমএসএটিএস) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর আমাদের মোট জনসংখ্যা বৃদ্ধি পায় ৩০ লাখ। টেকসই উন্নয়ন ও দারিদ্র বিমোচনের জন্য আমাদেরকে এই ৩০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বৃহৎ শিল্প ও সরকারি পর্যায়ে প্রতি বছর এত মানুষের কর্মসংস্থান সম্ভব নয়। একমাত্র দেশীয় পণ্য নির্ভর ক্ষুদ্র শিল্প গড়ে তোলার মাধ্যমেই এই ব্যবস্থা করা সম্ভব।
তিনি আরো বলেন, বিদেশি ব্যয়বহুল পণ্য শহুরে জীবনকে বিলাসী করে। এতে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর কোন উন্নয়ন হয় না। তাই উন্নয়নের জন্য আমাদেরকে নিজস্ব প্রযুক্তি আবিস্কার করতে হবে। আর এজন্য প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নেই।
শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনেস্কোর প্রধান প্রতিনিধি ড্রেক ইলিয়াস।
কর্মশালায় সিওএমএসএটিএস ভুক্ত ২১টি দেশের মধ্যে নাইজেরিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন ও বাংলাদেশের ৩৪ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/আরএম/কেএমএস/১৬০৯ ঘ.
bdnews24