ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে প্রতিপক্ষ হিসাবে না দেখতে মন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
সোমবার সংসদে বাজেট আলোচনায় তিনি বলেন, "আপনারা অনেক সৌভাগ্যবান। এ সরকার বিশাল ম্যান্ডেট নিয়ে এসেছে। আপনাদের কাজের ওপর নির্ভর করেছে এই সরকারের ভবিষ্যত।
"আপনারা সংসদীয় কমিটিকে প্রতিপক্ষ হিসাবে দেখবেন না। এখানে চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে।"
সংসদীয় কমিটির সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের টানাপোড়েনের প্রেক্ষাপটে একথা বললেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবের।
সংসদে না আসায় বিরোধী দলের সমালোচনা করে ঢাকা-১২ আসনের এ সংসদ সদস্য বিএনপির নির্বাচনী ইশতেহারের ২০ নম্বর পৃষ্ঠার ১৫ নম্বর ধারা পড়ে শোনান।
ওই ধারায় সংসদকে শক্তিশালী করার কথা তুলে ধরে সাবের বলেন, "বিএনপি বলেছে- গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে। আমরাও তো সেই কথা বলছি।"
প্রস্তাবিত বাজেটে বিবিধ ব্যয় যে ৭ দশমিক ৪ ভাগ রাখা হয়েছে- তার বিস্তারিত বর্ণনা দাবি করেন সাবের।
মন্ত্রণালয়গুলোর জন্য বাজেটে যে বরাদ্দ রাখা হচ্ছে তা কীভাবে নির্ধারণ করা হচ্ছে- তারও বিস্তারিত জানাতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান সাবের।
পরিবেশ রক্ষায় আরো সচেতনতার ওপর জোর দিয়ে জলবায়ুর প্রভাব মোকাবেলা সংক্রান্ত সর্বদলীয় সংসদীয় গ্র"পের প্রধান সাবের বলেন, "পরিবেশের বিপর্যয়ের কারণে যে ক্ষতি হচ্ছে- তা হচ্ছে আমাদের জিডিপি'র ৪ ভাগ। তাহলে জিডিপি প্রবৃদ্ধি ৭ ভাগ হলে, আসলে তা হচ্ছে ৩ ভাগ।"
'ঘসেটি বেগম আর আমেনা বেগম এক নয়'
বাজেট আলোচনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরি সভাপতি মাঈনুদ্দিন খান বাদল বলেন, "দুই নেত্রীকে এক নিক্তিতে মাপা যাবে না। ঘসেটি বেগম আর আমেনা বেগমকে এক নিক্তিতে মাপা ঠিক হবে না।"
বাদল বলেন, "বাজেট বাস্তবায়নে পেছনের পেছনে একটি ঐক্যবদ্ধ জাতি দরকার। এখন ঐক্যটা কিসের ভিত্তিতে সম্পাদিত হবে? একাত্তরে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে জন্ম নিলাম। আর ২০০৫ এর মধ্যে ঘসেটি বেগম ও তার দেওরদের নেতৃত্বে আমরা জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে গেলাম।"
সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম রাখার বিষয়ে জাসদ নেতা বলেন, "আল্লাহর রসুল তো মদীনা সনদের শুরুতে বিসমিল্লাহ লেখেন নাই। তিনি তো মদীনার রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেন নাই।"
ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবি কার্যকর করে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, "দ্রব্যমূল্যের ওঠা-নামার ওপর সরকারের জনপ্রিয়তা অনেক ওঠা-নামা করে।"
রাজশাহী বিমানবন্দর চালুরও দাবি জানান রাজশাহীর এ সংসদ সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24