২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে চিকিৎসক ৫৭ হাজার, বেসরকারি হাসপাতাল ২৭৬৫টি

দেশে মোট চিকিৎসকের সংখ্যা ৫৭ হাজার এবং নিবন্ধিত বেসরকারি হাসপাতালের সংখ্যা ২ হাজার ৭৬৫টি বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মোট চিকিৎসকের সংখ্যা ৫৭ হাজার এবং নিবন্ধিত বেসরকারি হাসপাতালের সংখ্যা ২ হাজার ৭৬৫টি বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। সরকারদলীয় সংসদ সদস্য সানজিদা খাতুন ও শাহরিয়ার আলমের লিখিত প্রশ্নের জবাবে সোমবার মন্ত্রী এ তথ্য জানান। নিবন্ধনকৃত বেসরকারি হাসপাতালগুলো মেডিক্যাল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস এবং ল্যাবরেটরি (রেগুলেশন) অর্ডিনেন্স ১৯৮২ নীতিমালা অনুসরণ করে চলছে বলে জানান তিনি। বেসরকারি হাসপাতাল সবচেয়ে বেশি রয়েছে ঢাকা জেলায় ৫৯৪টি, সবচেয়ে কম তিনটি রয়েছে খাগড়াছড়ি জেলায়। ময়মনসিংহে ১০৪টি, কুমিল্লায় ৯৭টি, খুলনায় ৯৬টি এবং চট্টগ্রামে ৮৬টি নিবন্ধিত বেসরকারি হাসপাতাল রয়েছে। বান্দরবানে নিবন্ধিত কোনো বেসরকারি হাসপাতাল নেই। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের তথ্যের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী জানান, দেশে নিবন্ধিত এমবিবিএস চিকিৎসকের সংখ্যা ৫৩ হাজার ৮২ জন এবং দন্ত চিকিৎসকের সংখ্যা ৪ হাজার ১৬৯ জন। ঢাকা ও ঢাকার বাইরে মফস্বলে কতজন চিকিৎসক স্বাস্থ্য সেবা দিচ্ছে তার পরিসংখ্যান সংসদ সদস্যরা চাইলেও মন্ত্রী জানান, তা স্বাস্থ্য অধিদপ্তরে সংরক্ষণ হয় না। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৯ মমতাজ বেগমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০৮ এর হিসাব অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৯। এ হারে জনসংখ্যা বাড়তে থাকলে ২০১১ সালের মধ্যে প্রতিস্থাপনযোগ্য জনউর্বরতা (রিপ্লেসমেন্ট লেবেল ফার্টিলিটি) অর্জন করা গেলেও ২০১৫ সালে জনসংখ্যা হবে প্রায় সাড়ে ১৭ কোটি। ২০২১ সালে তা বেড়ে ১৮ কোটিতে উন্নীত হবে। ধুমপান: জেলা ও উপজেলায় তদারকির নির্দেশ নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে। তহুরা আলীর প্রশ্নের জবাবে রুহুল হক জানান, তামাকের সব ধরনের পণ্যের মোড়কে সতর্কবার্তা লেখা বাধ্যতামূলক। সব ধরনের তামাকজাত পণ্যের বিজ্ঞাপন আইনগতভাবে নিষিদ্ধ। ধোঁয়াবিহীন সব ধরনের তামাকজাত পণ্যের ওপর মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে মোড়কে সতর্কবার্তা লেখার নির্দেশ দেওয়া হবে বলে জানান মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪২৫ ঘ.