চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শোক মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে শহীদ জননী জাহানারা ইমামের ১৭ তম মৃত্যুবার্ষিকী।
রোববার প্রমা আবৃত্তি সংগঠন এবং ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম শাখা এসব কর্মসূচির আয়োজন করে।
বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর শোক মিছিল বের করে প্রমা আবৃত্তি সংগঠন। এরপর সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
'শহীদ জননী জাহানারা ইমামের ১৭ তম মৃত্যু বার্ষিকীতে প্রমা'র শ্রদ্ধাঞ্জলি' শীর্ষক আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধের গবেষক ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবির এবং ওয়ার্ড কাউন্সিলর রেহেনা কবির রানু।
সভায় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানান বক্তারা।
বিকাল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম শাখা।
সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর শওকত বাঙালি'র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কামান্ডার মো. সাহাবুদ্দিন, উদীচী'র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/কেএমএস/২৩২২ ঘ.
bdnews24