ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ দিতে অস্বীকার করায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এক আইনজীবী।
ঢাকা জজ আদালতের আইনজীবী মো. সাইফুল বারী রোববার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে তিনি একটি গাড়ি হারানোর ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করতে যান নারায়ণগঞ্জ সদর মডেল থানায়। কিন্তু ওই সময় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল তার কাছে পাঁচশ' টাকা ঘুষ দাবি করেন।
অ্যাডভোকেট সাইফুল বারী অভিযোগ করেন, তিনি টাকা দিতে অস্বীকার করলে জিডি নেননি এএসআই আমিনুল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এএসআই আমিনুল তাকে ও আরেক আইনজীবী উজির মাহমুদকে থানা থেকে বের করে দেন।
এ ব্যাপারে এএসআই আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঘুষ দাবি করেননি।
আইনজীবীর সঙ্গে খারাপ ব্যবহার করার কথাও তিনি অস্বীকার করেন।
একই থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, "একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে এবং সাইফুল বারীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/কেএমএস/২৩০৯ ঘ.
bdnews24