ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মওদুদ আহমদের পরামর্শ না শোনার জন্য দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু।
রোববার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে ইনু বলেন, "মওদুদ প্রতিদিন একটা করে মিথ্যাচার করে যাচ্ছেন। উনি বিচারপতিদের বয়স বাড়িয়ে সমস্যা করেছিলেন। মওদুদ আহমেদ রাজনীতির কালো ঘোড়া। আমি খালেদা জিয়াকে বলবো- মওদুদের একটি কথাও শুনবেন না।"
সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ ১৯৭২ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিগত চার দলীয় জোট সরকার পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন দলের হয়ে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সময়ের পোস্ট মাস্টার জেনারেল মুওদুদ পরবর্তী সময়ে জিয়াউর রহমানের সময়ে উপপ্রধানমন্ত্রী, এইচ এম এরশাদের আমলে উপরাষ্ট্রপতি এবং খালেদা জিয়া নেতৃত্বাধীন সরকারের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বিরোধীদলকে সংসদে এসে সংবিধান সংশোধন বিলের ওপর আলোচনায় অংশ নেওয়ার আহবান জানিয়ে ক্ষমতাসীন মহাজোটের সাংসদ ইনু বলেন, "আমরা শর্তহীন আলোচনার প্রস্তাব দিয়েছে। আর খালেদা জিয়া শর্তযুক্ত আলোচনার কথা বলছেন। আমরা শুধু রায়ের প্রতিফলন ঘটিয়েছি।"
সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সুপারিশ অনুসারে 'সংসদে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১' শনিবার জাতীয় সংসদে উত্থাপন করা হয়। এই বিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি ৫১টি বিষয়ে সংশোধনীর প্রস্তাব করা হয়েছে।
প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক জামায়াতে ইসলামী সংবিধান সংশোধনের এই উদ্যোগের বিরোধিতা করে আসছে। এর প্রতিবাদে গত ১২ ও ১৩ জুন টানা ৩৬ ঘণ্টা হরতালও করেছে দল দুটি।
সরকার বলছে, বিরোধী দল সংসদে এসে এ বিষয়ে আলোচনায় অংশ নিতে পারে। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল রাখা না হলে তারা কোনো আলোচনায় যাবে না।
এ প্রসঙ্গে ইনু সংসদে বলেন, "খালেদা জিয়া হুবুহু কেয়ারটেকার সরকার রেখে তারপর আলোচনার কথা বলেছেন। তাহলে, তো আলোচনার কোনো দরকারই নেই। আলোচনা ছাড়া তো কোনো প্রস্তাব আনা যায় না।"
খালেদা জিয়াকে রাজনীতির 'আইলা-সিডর' আখ্যায়িত করে ইনু বলেন, "উনি কিছু গড়তে জানেন না, ভাঙতে জানেন।"
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি বলেন, "আমি এই সংবিধানে সামরিক শাসকদের বুটের একটি ছাপও রাখতে চাই না। আমরা ৭২ এর সংবিধান চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২৪৪ ঘ.
bdnews24