২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ

নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শাহ্ কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

নারায়ণগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শাহ্ কামাল। রোববার দুপুরে তিনি নারায়ণগঞ্জ পৌরসভার অফিসে যান। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খুরশীদ আলম, নেজারত ডেপুটি কালেকন্টর (এনডিসি) মমিনুর রশিদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসককে স্বাগত জানান বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী। পরে প্রশাসক বিলুপ্ত পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী, প্যানেল মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ২০০৩ সালে দায়িত্ব গ্রহণের সময় নারায়ণগঞ্জ পৌরসভার অবস্থা এবং বর্তমানের আয়-ব্যয়সহ বিভিন্ন বিষয়ের ব্যাখা দেবেন বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভী। আইন অনুযায়ী প্রশাসক নিয়োগের ছয় মাসের মধ্যে নবগঠিত সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়ার কথা। প্রশাসক মোহাম্মদ শাহ্ কামাল সাংবাদিকদের বলেন, "নবগঠিত সিটি করর্পোরেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাকে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। আমার প্রধান কাজ হবে ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার পরিবেশ তৈরি করা। পরে নির্বাচিতদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়াটাই হবে মূল লক্ষ্য। তবে নির্বাচনের তারিখসহ অন্য কার্যাদি নির্বাচন কমিশন সম্পন্ন করবে, বলেন তিনি। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের য্গ্মু সচিব হিসেবে প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানান। বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, নবনিযুক্ত প্রশাসককে স্বাগত জানানো হয়েছে। নারায়ণগঞ্জ পৌরসভায় ১৮ বছর বিভিন্ন প্রশাসক দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জবাসী চায় নির্বাচিত জনপ্রতিনিধি। সোমবার সংবাদ সম্মেলনে দায়িত্ব গ্রহণের সময় পৌরসভার অবস্থা এবং বর্তমানের বিভিন্ন বিষয়ের ব্যাখা দেবেন বলে জানান তিনি। গত ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, কদম রসুল পৌরসভা ও সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশিত হয়। বৃহস্পতিবার (২৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ সিনিয়র সহকারী সচিব কে,এফ,এম জেসমীন আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শাহ কামালকে অতিক্তি দায়িত্ব হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ৬ মাসের মধ্যে নির্বাচন ২০০৯ সালের ১৫ অক্টোবর জারি করা বাংলাদেশ গেজেটের ২৫ ধারার এক উপধারায় বলা হয়েছে- সরকার এই আইনের অধীনে পৌর এলাকাকে সিটি কর্পোরেশন ঘোষণা করার পর নির্বাচিতরা না আসা পর্যন্ত একজন উপযুক্ত প্রথম শ্রেণীর কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ করা যাবে। তবে প্রশাসক কোনক্রমেই একাধিকবার বা ১৮০ দিনের বেশি সময়কাল দায়িত্বে থাকতে পারবেন না। চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি একটানা আট বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে নারায়ণগঞ্জ পৌরসভায় একটানা ১৮ বছর নির্বাচন হয়নি। সরকার মনোনীত প্রশাসকরা পৌরসভা চালিয়েছেন। এরইমধ্যে এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বিভিন্ন পদে নির্বাচন করতে আগ্রহী অনেকেই ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন এলাকাবাসীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৪ ঘ.