রংপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষে দু'শতাধিক আহত হয়েছে। এ সংঘর্ষে জড়িয়ে পড়েছে ১০টি গ্রাম।
সংঘর্ষ চলাকালে তিন শতাধিক বাড়ি ঘর ভাংচুর, লুট ও প্রায় ২শ বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।
ঢাকিপাড়া ও কমরপুর গ্রামবাসীর মধ্যে শনিবার বিকালে সংঘর্ষে দুজনের মৃত্যুর জের ধরে রোববার ভোরে নতুন করে সংঘর্ষ বেধে যায় এবং ১০টি গ্রাম এতে জড়িয়ে পড়ে বলে রংপুরের পুলিশ সুপার সালেহ মো. তানভীর আহাম্মেদ জানিয়েছেন।
আতঙ্কিত গ্রামবাসী বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যাচ্ছে।
পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় শতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি এবং কোতয়ালী থানার ওসিকে সেখানে পাঠানো হয়েছে। ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, জুয়া খেলাকে কেন্দ্র করে ঢাকিপাড়া ও কমরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে জাহিদুল ও মোক্তার নামের দুজন মারা যায়।
এই দুজনের মৃত্যুর খবর পেয়ে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার ভোরেই সংঘর্ষ বেধে যায় এবং তা ১০ গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে।
গ্রামগুলোর মধ্যে রয়েছে বাটিকামারী, কুমরপুর, নিশ্চিন্তবাতি, গোপিনপুর, মাটিয়াপাড়া, গুদরীপাড়া ও গোবিন্দপাড়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০৪ ঘ.
bdnews24