২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে উন্নত জাতের লেয়ার মুরগি উদ্ভাবন

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (বিএলআরআই) দেশে প্রথমবারের মতো লেয়ার মুরগির উন্নত জাত উদ্ভাবন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (বিএলআরআই) দেশে প্রথমবারের মতো লেয়ার মুরগির উন্নত জাত উদ্ভাবন করেছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা জাপানি দু'টি মুরগির জাত 'পিউর লাইন' ও 'সিলেক্টিভ ব্রিডিং' ওপর গবেষণা করে এ নতুন জাত উদ্ভাবন করে বলে জানিয়েছেন বিএলআরআই'র মহাপরিচালক খান শহীদুল হক। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে 'বিএলআরআই-১' নামের এই নতুন জাত উদ্ভাবনের তথ্য জানান বিএলআরআই'র মহাপরিচালক। এ সময় তিনি বলেন, এই নতুন জাতের মুরগির উৎপাদন ক্ষমতা বিদেশ থেকে আমদানি করা লেয়ার মুরগির চেয়েও ভালো। নতুন জাতের এ লেয়ার মুরগির বাচ্চা উৎপাদন ও পালনে খামারিরা এগিয়ে আসলে পোল্ট্রি শিল্পে বিদেশ নির্ভরতা কমবে। মহাপরিচালক জানান, দেশে কোনো উন্নত জাত না থাকায় এতদিন বেশি দামে বিদেশি লেয়ার মুরগি আমদানি করতে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন জাতের এ মুরগি পালনে আমদানি নির্ভরতা কমবে। খামারিরা সাশ্রয়ী মূল্যে এর বাচ্চা কিনতে পারবেন। ডিম উৎপাদন খরচও এতে কমে আসবে। বিএলআরআই'র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নজরুল ইসলাম বলেন, নতুন জাতের লেয়ার মুরগি বছরে প্রায় ২৯২টি ডিম দেবে। দেশের আবহাওয়া উপযোগী হওয়ায় এ জাতের রোগ-বালাইও কম। ফলে খামারিরা এ মুরগি চাষে লাভবান হবেন। তিনি বলেন, নতুন জাতের এ লেয়ার মুরগির প্রায় পাঁচ হাজার বাচ্চা দিনাজপুর ও নোয়াখালী জেলার খামারিরা ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে পালন করেছেন। খামারিরা এ মুরগি পালন করে লাভবান হয়েছেন। বাণিজ্যিকভাবে এই নতুন জাতের মুরগি পালন হলে খামারিদের কাছে স্বল্প মূল্যে বাচ্চা সরবরাহ সম্ভব হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত বলেন, বর্তমানে প্রতি বছর ২১ থেকে ২৮ কোটি টাকা দামের প্রায় সাত থেকে আট লাখ মা ও বাবা লেয়ার মুরগি (প্যারেন্ট লাইন) বিদেশ থেকে আমদানি করা হয়। উদ্ভাবিত 'বিএলআরআই-১' জাতের মুরগি পালনে মাধ্যমে আমদানি নির্ভরতা কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও আমিষের ঘাটতি পূরণ সম্ভব হবে। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী, খামারি শহিদুল্লাহ লিটন ও আনিসুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৩৯ ঘ.