চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের (জিএম) বাংলো থেকে ২ লাখ টাকা লুটের অভিযোগে গ্রেপ্তার ডাকাতদের কাছে সাড়ে ১৩ লাখ টাকা লুটের হিসাব পেয়েছে চট্টগ্রাম পুলিশ।
শনিবার চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য মিলেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন (৩৪) ও মো. বেলাল হোসেন (৩২)। দুজনের ভাষ্য অনুযায়ী, তারা লুট করেছেন সাড়ে ১৩ লাখ টাকা।
রোববার বিকালে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক সংবাদ সম্মেলনে দুই ডাকাতকে হাজির করা হয়।
সুমনকে নগরীর বায়েজিদ থানার আরেফিন নগর থেকে এবং বেলালকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। দুজনই ডাকাতি মামলার এজহারভুক্ত আসামি। বেলালের নামে মোট ২৪টি ডাকাতির মামলা রয়েছে।
এর আগে গত ৮ জুন নগরীর কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকা থেকে ডাকাত দলের অন্য তিন সদস্য- মো. মানিক (২২), মো. আবুল হোসেন (২৭) ও মো. লিয়াকতকে গ্রেপ্তার করা হয়।
গত ১৮ মে মধ্যরাতে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি'র সংরক্ষিত এলাকায় মহাব্যবস্থাপকের (জিএম) বাংলোয় ওই ডাকাতি হয়। বাংলোটিতে রেলওয়ের জিএমসহ নয় কর্মকর্তা থাকতেন।
এ ঘটনায় অতিরিক্ত প্রকৌশলী এসএম লিয়াকত আলী বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এজাহারে মোবাইল ফোন সেট, ল্যাপটপ, ক্যামেরা এবং নগদ ২ লাখ টাকা লুটের কথা উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) ময়নুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামি বলছে- বাংলো থেকে তারা নগদ সাড়ে ১৩ লাখ টাকা লুট করেছিলো।
"ডাকাতদের দাবি, দলের প্রত্যেক সদস্য ১ লাখ টাকা করে ভাগ করে নিয়েছে। গ্রেপ্তারকৃতরা পলাতক সহযোগীদের নামসহ ডাকাতির বিস্তারিত তথ্য দিয়েছে", বলেন তিনি।
সুমন ও বেলাল সাংবাদিকদের জানান, ১৮ মে ডাকাতির ঘটনায় নগদ সাড়ে ১৩ লাখ টাকা তারা লুট করেছিলেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে ওই বাংলোয় অন্য একটি ডাকাতির ঘটনায়ও জড়িত থাকার কথা স্বীকার করেন তারা।
তবে ২০০৭ সালের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা তা জানাতে পারেননি ডিসি ময়নুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/এমআই/২০০৫ ঘ.
bdnews24