২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত শেষে সাইদ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে হত্যা চেষ্টা মামলায় তার স্বামী হাসান সাইদকে হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে হত্যা চেষ্টা মামলায় তার স্বামী হাসান সাইদকে হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান রোববার বিকালে সাইদের জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চার দফায় ছয় দিন হেফাজত (রিমান্ড) শেষে বিকেলে সাইদকে আদালতে হাজির করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী তাকে জিজ্ঞাসাবাদের জন্য আরো সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন। এর বিরোধিতা করে সাইদের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মনোয়ারুল ইসলাম চৌধুরী ও বিপুল দেবনাথ। শুনানি শেষে বিচারক দুটি আবেদনই নাকচ করে সাইদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পঞ্চম দফায় হেফাজতের অনুমতি চেয়ে আবেদনে বলা হয়, রুমানাকে নির্যাতনের স্থান, তারিখ, সময়, ধরন ও কারণ উদঘাটনের জন্য তাকে আরো সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আসামির আইনজীবীরা জামিন আবেদনে বলেন, ছয় দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে কোনো অগ্রগতি হয়নি। মূলত বারবার হেফাজতে নিয়ে সাইদের স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। তাকে জামিন দেওয়া হোক। গত ৫ জুন ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। ভারতের দুটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত সপ্তাহে ঢাকায় ফেরেন তিনি। তার দুটি চোখই নষ্ট হয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে হত্যার চেষ্টার অভিযোগে ৬ জুন হাসান সাইদের বিরুদ্ধে একটি মামলা করেন রুমানার বাবা মনজুর হোসেন। গোয়েন্দা পুলিশ ১৫ জুন হাসান সাইদকে গ্রেপ্তার করে। রুমানা বর্তমানে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৯৫৪ ঘ.