ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের জন্য বাজেটে প্রত্যক্ষ বরাদ্দ গত কয়েক অর্থবছর ধরে একই পর্যায়ে রয়েছে উল্লেখ করে আগামী অর্থবছরে এর পরিমাণ দ্বিগুণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ।
রোববার হোটেল সোনারগাঁওয়ে 'শিশুবান্ধব বাজেট' শীর্ষক এক সেমিনারের মূল প্রবন্ধে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা প্রধান ফাহমিদা খাতুন বলেন, চলতি অর্থবছরের বাজেটে (২০১০-১১) উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা খাত মিলিয়ে শিশুদের জন্য বরাদ্দ ছিল পাঁচ হাজার ৩৮০ কোটি টাকা, যা মোট বাজেটের ৪ দশমিক ১ শতাংশ।
অবশ্য এই তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই পরিমাণ অবশ্যই ৪ দশমিক ১ শতাংশের বেশি।
ইউনিসেফ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এই সেমিনারে 'জাতীয় বাজেট: বাংলাদেশের শিশুদের জন্য দেওয়া প্রতিশ্র"তি রক্ষিত হচ্ছে কি?' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
মুহিত বলেন, "ফাহমিদা আমাদের যে হিসাব দিলেন, তার সঙ্গে আমি একমত না। কারণ শিশুদের পুষ্টির জন্য আলাদা কর্মসূচি থাকে। শিক্ষা, স্বাস্থ্যে বরাদ্দের একটা অংশ শিশুদের জন্য ব্যয় হয়। তাদের অভিভাবকদের জন্যও ব্যয় হয়।"
ফাহমিদা খাতুন জানান, বাংলাদেশে ছয় কোটি ৬০ লাখ শিশু রয়েছে, যা মোট জনসংখ্যার ৪৫ ভাগ। এদের মধ্যে ৪৬ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করে। আর শহরের বস্তিতে বাস করে ৩৩ লাখ শিশু।
বাজেটে শিশুদের জন্য বরাদ্দ বাড়ানোর সুপারিশ করে তিনি বলেন, "সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বাজেটে শিশুদের জন্য বরাদ্দ বাড়াতে হবে।"
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "বস্তিবাসী শিশুদের জন্য আমরা তেমন কিছু করতে পারছি না। তাদের জন্য করতে হবে।"
ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি ক্যারল ডি রয় সেমিনারে বলেন, দারিদ্রের মধ্যে থাকা প্রায় দুই কোটি শিশুর সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো না হলে তারা দেশের বোঝা হয়ে উঠতে পারে। সে ক্ষেত্রে আন্তঃপ্রজন্ম দারিদ্র্যআবর্ত ভেঙে সমতাভিত্তিক উপায়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।
কাজেই শিশুদের জন্য প্রকৃত এডিপি বরাদ্দ এবং সামাজিক নিরাপত্তার প্রকৃত বাজেট এখনকার তুলনায় দ্বিগুণ হওয়া উচিৎ।
গত ৯ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের জন্য ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন, যার আকার চলতি অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
চলতি অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী অর্থবছরে এই হার ৭ শতাংশে পৌঁছাবে।
প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে ভর্তুকির পরিমাণ ১২ শ' কোটি টাকা কমিয়ে ধরা হলেও প্রতিরক্ষা খাতে বরাদ্দ দুই হাজার ৭৭৬ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
অন্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. শিরিন শারমিন চৌধুরী, সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারাকাত সেমিনারে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/জেকে/১৯০৭ ঘ.
bdnews24