২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেখেয়ালে সই

তামাক রপ্তানিতে শুল্কহার কমানোর প্রস্তাব অসাবধানতাবশত করা হয়েছে স্বীকার করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এ ক্ষেত্রে তার আরো সতর্ক হওয়া উচিত ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তামাক রপ্তানিতে শুল্কহার কমানোর প্রস্তাব অসাবধানতাবশত করা হয়েছে স্বীকার করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এ ক্ষেত্রে তার আরো সতর্ক হওয়া উচিত ছিলো। মতিয়া রোববার সংসদে বলেন, "কাজের ব্যস্ততায়, বেখেয়ালে তামাকের রপ্তানি শুল্কহার কমানোর প্রস্তাব করেছিলাম। সচেতনভাবে আমি তামাকের ওপর শুল্ক হ্রাসের পক্ষে মত দিতাম না। বাজেট বক্তৃতায়ও আমি তা বলেছি। এখানে আমার ক্রটি হয়েছে, অনেক ফাইলের ভিড়ে আমি ওই নথিটিও স্বাক্ষর করে ফেলি। আর তা-ই মন্ত্রণালয়ের জবাব হিসেবে এনবিআরের কাছে যায়। "তবে, এটা ঠিক যে আমার আরো সতর্ক হওয়া উচিত ছিলো।" সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। তবে তামাক রপ্তানিতে শুল্কহার কমানোর কোনো চিঠি কৃষি মন্ত্রণালয় দেয়নি জানিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশকারী বাংলাদেশ প্রতিদিনকে আরো সতর্কভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান মতিয়া। তিনি বলেন, প্রথমবারের মতো তামাকের ওপর রপ্তানি শুল্ক আরোপ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের একক সিদ্ধান্তে ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। কাঁচা তামাকের ওপর ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার করা সমীচীন হবে কি না সে বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের মতামত চায় এনবিআর। "এটি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বাক্ষরের পর সর্বশেষ সচিবের স্বাক্ষর শেষে নথি আমার কাছে আসে। গত ২৮ এপ্রিল আমি নথিতে সই করি", বলেন মতিয়া। "কিন্তু যে খবর পত্রিকায় ছাপা হয়েছে যে, তামাকের শুল্কহার কমাতে আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করে চিঠি দিয়েছি। সেটা অসত্য। ভবিষ্যতে তারা এ ধরনের অসত্য তথ্য পরিবেশন করবেন না। এটুকু তাদের প্রতি অনুরোধ রইলো।" গত শনিবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- 'কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তামাক রপ্তানির ওপর শুল্কহার কমাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে চিঠি লিখেছিলেন। ব্যক্তিগতভাবেও তিনি অনুরোধ করেছিলেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪৩০ ঘ.