বাগেরহাট, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে খান জাহান আলীর দীঘির কুমিরের আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম মরিয়ম বেগম (৪০)। তার বাড়ি সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙ্গা গ্রামে।
রোববার ভোরে দীঘির পশ্চিম পাড়ে শাহাদাত ফকিরের বাড়ির ঘাটে মরিয়ম কুমিরের কবলে পড়েন বলে স্থানীয়রা জানায়।
খান জাহান আলীর ভক্ত মরিয়ম প্রায়ই মাজারে আসতেন। শনিবার এসে তিনি রাতে অতিথি কক্ষে ছিলেন।
মাজারের অন্যতম খাদেম মোস্তফা ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ঘুম থেকে উঠে ভোর ৫টার দিকে মরিয়ম দীঘির ঘাটে হাত-মুখ ধোয়ার জন্য যান। ওই সময় আকস্মিকভাবে দুটি কুমির দুই দিক থেকে তার পা কামড়ে ধরে পানির ভেতরে টেনে নিয়ে যায়।"
মরিয়মের চিৎকারে আশপাশের কয়েকজন লোক ছুটে এলেও তারা তাকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে পুলিশও যায়। সকাল ৯টার দিকে ঘাটের কাছেই কচুরিপানার মধ্য থেকে তার লাশ পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে।
বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমির মরিয়মের দুই পায়ের বেশ কিছু অংশের মাংস খেয়ে ফেলেছে।
সকাল ১০টার দিকে মরিয়মের লাশ তার বোন সালেহার কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
রামপালে শিশুর লাশ উদ্ধার
বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা-মংলা মহাসড়কের তেতুলিয়া সেতুর পাশে রাস্তার ঢাল থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় এক শিশুর (১২) লাশ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার রাতের কোনো এক সময়ে দ্রুতগামী গাড়ীর ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
রামপাল থানার ফয়লা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, "শিশুটি গত দুই দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিলো বলে স্থানীয়রা জানিয়েছে। তবে কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24