২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার রক্তক্ষয় পাহাড়ে, ইউপিডিএফকর্মী খুন

রাঙামাটিতে ফের সংঘাতে প্রাণ হারিয়েছেন পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফের এক কর্মী। হামলার জন্য চুক্তির পক্ষের জনসংহতি সমিতিকে দায়ী করা হলেও তারা সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 05:41 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

রাঙামাটি, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে ফের সংঘাতে প্রাণ হারিয়েছেন পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফের এক কর্মী। হামলার জন্য চুক্তির পক্ষের জনসংহতি সমিতিকে দায়ী করা হলেও তারা সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রোববার সকালে জুড়াছড়ি উপজেলার সদর ইউনিয়নের গিলাতলি গ্রামে দুস্কৃতকারীদের গুলিতে বিজয় সিংহ (৩১) নামে ইউপিডিএফের ওই কর্মী প্রাণ হারান বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। এর আগে গত ২১ মে বরকল উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার নেতা-কর্মী। এরপর ২৯ মে গুলিতে নিহত হয় তাদের প্রতিপক্ষ দল জনসংহতি সমিতির এক সদস্য। স্থানীয়রা জানায়, গিলাতলি গ্রামে সকাল সাড়ে ৭টায় একটি বাড়ি থেকে বের হওয়ার সময় ওঁৎ পেতে থাকা দুস্কৃতকারীরা ইউপিডিএফের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বিজয় নিহত হন। বিজয়ের সঙ্গী ধনু চাকমা নিখোঁজ বলে স্থানীয়রা জানিয়েছে। রাঙামাটির পুলিশ সুপার মাসুদ-উল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘাতের খবর পেয়ে পুলিশ গিয়ে বিজয়ের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি সদর হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে। বিজয়ের বাড়ি রাঙামাটি সদরের কান্দ্যার এগুচ্ছেছড়ি এলাকায়। ইউপিডিএফের রাঙামাটির প্রচার দপ্তরের প্রধান সোনা মনি চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ ঘটনার সঙ্গে তার দলের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনসংহতি সমিতি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তাই এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের জড়িত থাকার প্রশ্নই আসে না।" এক যুগ আগে সন্তু লারমা সরকারের সঙ্গে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের পর এর বিরোধিতা করে গড়ে ওঠে ইউপিডিএফ। এরপর দুটি দলের বিরোধে পাহাড়ে অনেক রক্তক্ষয় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.