২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নির্বাচনোত্তর হামলা, লুটপাট

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জেরে পাবনার সাথিয়া উপজেলায় হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 06:56 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

পাবনা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জেরে পাবনার সাথিয়া উপজেলায় হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। ভৈরবপুর গ্রামে শনিবার রাতে এ হামলার সময় তারা গুলি ও বোমা ফাটিয়ে এলাকায় সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি করে। হামলায় অন্তত ২০ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল, সাঁথিয়া ও বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার ব্যাপারে একই ওয়ার্ডের পরাজিত দুই সদস্য পদপ্রার্থী বাবু ও সিদ্দিক একে অন্যের উপর দোষ চাপাচ্ছেন। এলাকাবাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে ভৈরবপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিদ্দিক আলী মোললাসহ কয়েকজন লোক বাড়ির সামনে বসেছিলেন। এ সময় পিছন দিক থেকে তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এক রাউন্ড গুলি ছোঁড়ে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। একই সময় তারা প্রতিবেশী ও চাচাতো ভাই সাইফুল ইসলামের বাড়িতেও হামলা চালায়। এ সময় তারা তিন রাউন্ড গুলি ও তিনটি বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ধারালো অস্ত্র দিয়ে কয়েকটি ঘরের বেড়া কেটে ফেলে। এরপর একই গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাংচুর, ধান-চাল, গম ছুঁড়ে ফেলে দেয় বাইরে। টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান তার স্ত্রী সামিমা আক্তার মিনা। আলতাফের বড় ভাই আবু বকর, ভাবী রাশিদা সাংবাদিকদের বলেন, হামলাকারীদের সঙ্গে পুলিশের পোশাক পরা ৭০/৮০ জন লোক বন্দুক, ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। তাপর লুটপাট চালায় এবং ব্যাপক ভাংচুর করে। সাঁথিয়া থানা পুলিশও এই হামলায় অংশ নেয় বলে তারা অভিযোগ করেন। তারা আরো বলেন, আলতাব দীর্ঘদিন ধরে র‌্যাবের সোর্স হিসাবে কাজ করেছেন। বর্তমানে তিনি পাবনা কারাগারে আটক আছেন। এ ব্যাপারে পাবনা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, "পুলিশ সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত থাকার প্রশ্নই ওঠে না। যত দোষ পুলিশের। গেলেও দোষ, না গেলেও দোষ।" সাঁথিয়া থানার ওসি এসএম বজলুর রশিদ বলেন, তিনি লুটপাট ও ভাংচুরের পর ঘটনাস্থলে যান। এ ব্যাপারে থানায় লুটপাট ও দ্রুত বিচার আইনে পৃথক দু'টি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.