ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গত পাঁচ দিনে দুটি ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ উদ্ধার করতে পারেনি কোনো মালামাল। নিরাপত্তাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিলেও ডাকাতিতে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
শুক্রবার গুলশানের ইকবাল সেন্টারে একটি সোনার দোকানে এবং ১৯ জুন বাংলামটরের ইস্টার্ন টাওয়ারে ব্যবসায়ী ইকরামুল কদেরের ফ্ল্যাটে ডাকাতি হয়।
দুটি স্থান থেকে লুট হয় প্রায় ৬ কোটি টাকার স্বর্ণ ও মালামাল।
ইকবাল সেন্টারের নিউ হীরা জুয়েলার্সের মালিক আলী আকবর অসুস্থ থাকায় তার ভায়রা মোশারফ হোসেন শরিফ বাদি হয়ে শুক্রবার রাতে গুলশান থানায় একটি ডাকাতির মামলা করেন।
এজাহারে ১ হাজার ১৬৬ ভরি স্বর্ণ লুট হওয়ার কথা বলা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য দোকানের কর্মচারী ও নিরাপত্তাকর্মীসহ আট জনকে আটক করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম।
ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে তার কাছে। মাসুদ বলেন, "সিসি ক্যামেরা নষ্ট, মূল ব্যবস্থাপক ছুটিতে। এত অল্প সময়ের মধ্যে এতগুলো স্বর্ণ নিয়ে পালিয়ে গেলো, অথচ কেউ হৈ চৈ করলো না!"
খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
১৯ জুন ইস্টার্ন টাওয়ারে ইকরামুল কদরের ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সোয়া কোটি টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল। এরপর ডাকাতের খোঁজে পুলিশ পুরো কমপ্লেক্সের দেড়শ' ফ্ল্যাটে তল্লাশি চালায়।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ জন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করে দুদফা পুলিশ হেফাজতে এনেও তাদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়া যায়নি।
তবে ডাকাতিতে জড়িতদের অচিরেই গ্রেপ্তারের আশা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24