গভীর সমুদ্র বন্দর প্রস্তাবনা না দেওয়ায় প্রতিশ্র
গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহায়তার আনুষ্ঠানিক আশ্বাস পাওয়ার এক বছরেও চীনকে অবকাঠামোগত প্রস্তাবনা না দেওয়ায় অর্থ সহায়তার কোনো প্রতিশ্রুতি মেলেনি।
পররাষ্ট্র সচিব মো. মিজারুল কায়েসের এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট হয়।
গত বছরের মার্চে প্রধানমন্ত্রীর চীন সফরের সময় গভীর সমুদ্র বন্দর নির্মাণে চীনের সহায়তা চাওয়া হলে এরপর জুনে বাংলাদেশে চীনের উপরাষ্ট্রপতির সফরের সময় এ বিষয়ে আনুষ্ঠানিক আশ্বাস পাওয়া যায়।
সচিব বলেন, "এরপর থেকে আমরা প্রকল্পের অবকাঠামোগত প্রস্তাবনা তৈরির কাজ শুরু করি। তা এখনো প্রস্তুতির পর্যায়ে রয়েছে, চূড়ান্ত হয়নি।"
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "চীন বা অন্য কোনো দেশকে অবকাঠামোগত প্রস্তাবনা দিতে না পারায় গভীর সমুদ্র বন্দরের জন্য এখনো কোনো অর্থ সহায়তার অঙ্গীকার পাওয়া যায়নি। প্রকল্পের অবকাঠামোগত বিস্তারিত বিবরণ তৈরি না করে এ বিষয়ে আলোচনা করা যায় না।"
যে কোনো প্রকল্পের হোমওয়ার্কের দুটি পর্যায় রয়েছে জানিয়ে সচিব বলেন, প্রথমত প্রয়োজনীয়তার বিষয়ে নীতিগতভাবে একমত হয়ে ধারণাগত বিষয়গুলো চূড়ান্ত করতে হবে। দ্বিতীয়ত প্রকল্পের অবকাঠামোগত বিস্তারিত প্রস্তাবনা তৈরি করতে হবে।
"আমরা প্রথমটির কাজ শেষ করেছি। দ্বিতীয় কাজটি অত্যন্ত জটিল। এখানে আন্তঃমন্ত্রণালয়সহ বিভিন্ন বিষয় জড়িত। সে কাজগুলো আমরা করছি", বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটাকে দুইভাবে নেওয়া যায়। গভীর সমুদ্র বন্দর নির্মাণে সহায়তার আশ্বাসের এক বছরে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেওয়া যায়নি, এটাও ভাবতে পারেন। আবার ভালোভাবে প্রস্তুত হয়ে আমরা এগোচ্ছি এটাও ভাবতে পারেন।"
জয়েন্ট বর্ডার ওয়ার্কিং গ্রুপ
তামাবিল সীমান্তে বাংলাদেশ ভারতের জয়েন্ট বর্ডার ওয়ার্কিং গ্র"পের কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণের অসন্তোষ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, জরিপকৃত এলাকার জমি ভারতকে দিয়ে দেবো না।
"ওই সীমান্তে সীমানা পিলার ও ম্যাপ থাকা সত্ত্বেও কোনো কোনো এলাকায় কিছু কিছু অপদখলীয় ভূমি রয়েছে। এসব ভূমি চিহ্নিত করাই জরিপের উদ্দেশ্য।"
বিগত সরকারের আমলে গ্র"পের কার্যক্রম বন্ধ থাকলেও এ সরকারের আমলে তা আবার চালু হয় বলে জানান তিনি।
সচিব বলেন, "জরিপ শেষে আমাদের জন্য দুটি পথ রয়েছে। অপদখলীয় ভূমি আমরা পরস্পরকে ছেড়ে দিতে পারি বা বর্তমানের দখলীকৃত ভূমি পরস্পরের মধ্যে বিনিময় করে নিতে পারি।"
অবসরে যেতে মাসুদ ফিরছেন
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং 'ওয়ান-ইলেভেনের' আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে অবসরে পাঠানোর জন্য ফিরিয়ে আনা হচ্ছে বলে জানান মিজারুল কায়েস।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, "অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এখনো দায়িত্ব পালন করছেন। তবে তাকে অবসর সংক্রান্ত বিষয়ে ফিরিয়ে আনা হচ্ছে।"
খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কেন্দারের ভায়রা মাসুদ ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির সময় সাভারে নবম পদাতিক ডিভিশনের দায়িত্বে ছিলেন।
২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তাকে অস্টেলিয়ার রাষ্ট্রদূত করে পাঠানো হয়। গত ১৫ জুন তার চাকরি সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে আনার আদেশ হয়।
দুই রাষ্ট্রদূতের বিরুদ্ধে ব্যবস্থা
জাপান ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে মিজারুল জানান, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
