সাতক্ষীরা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদরের গাজীপুর সীমান্ত থেকে শুক্রবার রাতে ২০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে চোরকারবারিদের সংঘর্ষ হয়।
বিজিবি ৪১ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর জি এম খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে ৩০/৩৫ জনের একদল সংবদ্ধ চোরাকারবারি সীমান্তের মেইন পিলার ৪ ও ৫ এর মাঝামাঝি স্থান দিয়ে ভারতীয় মালামালসহ গাজীপুর এলাকায় ঢোকে।
এ সময় বিজিবি গাজীপুর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
তিনি বলেন, এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৬ রাউন্ড গুলিবর্ষণ করে। তবে গুলিতে কেই আহত হয়নি।
চোরাকারবারিদের ফেলে যাওয়া ২০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩১ ঘ.
bdnews24