বাগেরহাট, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে খুলনার সাবেক শুল্ক কমিশনারসহ দু'জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক রবীন্দ্রনাথ চাকী বৃহস্পতিবার নগরীর খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন- সাবেক শুল্ক কমিশনার মো. নূরুল ইসলাম, তার ভাগ্নি জামাই একই অফিসের উচ্চমান সহকারী মো. শাহীন।
দুদক কর্মকর্তা রবীন্দ্রনাথ চাকী জানান, মো. নূরুল ইসলাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা এবং মংলা শুল্ক ভবনের কমিশনার থাকাকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল পটুয়াখালী দপ্তরের উচ্চমান সহকারী শরীফ আহমেদ সোবহানসহ চারজনকে ২০০৯ সালের ৪ এপ্রিল খুলনায় সদরদপ্তরে বদলির আদেশ দেন।
কিন্তু পরবর্তীতে ২০ এপ্রিল তিনি সেই আদেশ স্থগিত করেন এবং ৩ সেপ্টেম্বর শুধু শরীফ আহম্মেদ সোবহানকেই আবার খুলনায় বদলির আদেশ দেন।
সোবহান এই আদেশ প্রত্যাহার করার আবেদনসহ মো. নূরুল ইসলামের সঙ্গে দেখা করলে তিনি এ বিষয়ে অপর আসামি উচ্চমান সহকারী মো. শাহীনের সঙ্গে আলাপ করার পরামর্শ দেন।
এরপর তিনি শাহীনের কাছে গেলে শাহীন তার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে এক লাখ টাকায় আপোষ হলে সোবহান পটুয়াখালী থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওই বছরের ৭ অক্টোবর শাহীনের কাছে খুলনায় একলাখ টাকা পাঠান।
ওইদিনই শাহীন খুলনায় সে টাকা উত্তোলন করেন এবং নূরুল ইসলামের সঙ্গে তা ভাগাভাগি করে নেন।
রবীন্দ্রনাথ চাকী আরো বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দ-বিধির ১৬১, ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
নূরুল ইসলাম বরগুনার আমতলি উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের প্রয়াত আছমত আলীর ছেলে। মো. শাহীন পটুয়াখালীর সদরের ইটাবাড়িয়া গ্রামের মো. আব্দুল মালেক হাওলাদারের ছেলে।
২০০৯ সালের ২২ ডিসেম্বর মংলা বন্দরে দু'টি কন্টেইনার থেকে ২৭ হাজার ৩৬৪ বোতল বিদেশি মদ উদ্ধারের ঘটনায় মো. নূরুল ইসলাম ২০১০ সালের জানুয়ারি থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন।
অপর আসামি মো. শাহীনকে একই মামলায় সম্পৃক্ততার অভিযোগে গত মে মাসে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/০০২৭ ঘ.
bdnews24