নওগাঁ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁর রানীনগর উপজেলায় এক নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যসহ আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর উদ্দীন আল ফারুক এ সাজা দেন।
শুক্রবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছ।
দন্ডিরা হলেন- কাশিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল করিম মৃধা (৪২), কাশিমপুর শাহানা পাড়ার জাহিদ মৃধা (৩৫), বাবু মৃধা (৩২), মো. রফি (২২), মো. ইয়াদুল (৩৮), মামুন পোদ্দার (১৮), আরমান মৃধা (২৬) ও নান্ডু সাহানা (২২)।
এরমধ্যে আব্দুল করিম মৃধাকে (৪২) ছয় মাস ১০ দিন এবং অন্যদের ছয় মাসের সাজা দেওয়া হয়।
গত বুধবার (২২ জুন) অনুষ্ঠিত নির্বাচনে আব্দুল করিম মৃধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।
রানীনগর থানার ওসি শাহরিয়ার খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আব্দুল করিম মৃধা সমর্থকদের নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ঢোল পিটিয়ে একটি বিশাল আনন্দ মিছিল করেন। বিকাল ৩টার দিকে মিছিলটি পরাজিত সদস্য পদপ্রার্থী আব্দুস সামাদের বাড়ির সামনে যায়। এ সময় তারা সামাদের পরিবারের সদস্যদের গায়ে রং ছিটিয়ে কটুক্তি করতে থাকে।
খবর পেয়ে রানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই আটজনকে গ্রেপ্তার করে।
রাত ১০ টায় তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২১৪৬ ঘ.
bdnews24