ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঞ্চয়পত্র ও শেয়ার বাজারের সমস্যাকে বর্তমান সরকারের দুটি কলঙ্ক হিসেবে উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, পুঁজিবাজারের অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্দেশে মতিয়া চৌধুরী প্রশ্ন রাখেন- গত বাজেটে সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে কর বাড়ানো হয়েছে। ১০ শতাংশ উৎসে কর কর্তন করা হয়েছে। এর পেছনে কী উদ্দেশ্য ছিল?
"সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কারণে মাঝারি আয়ের লোকজন শেয়ার বাজারে ছুটে যান। আর মামু, খালু, ফালু ও আঙ্কেলরা এর সুযোগ নিয়েছে।"
সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীর উপস্থিতেই কৃষিমন্ত্রী সংসদকে বলেন, যে দেশে দুর্ঘটনায় (এক্সিডেন্টে) লোক মারা গেলেও সরকারকে দোষ দেওয়া হয়, সেখানে শেয়ার বাজার নিয়েও সরকারকে দায় নিতে হবে।
অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে মতিয়া চৌধুরী বলেন, "আমি কিছু বাস্তব সত্য কথা বলবো, অর্থমন্ত্রীর খারাপ লাগতে পারে, হয়তো তিনি খুব প্রীত হবেন না। সরকারের এতো সাফল্যের মধ্যে কালো দাগ দুটি- সঞ্চয়পত্র আর শেয়ার বাজারের সমস্যা। শেয়ার বাজারকে ফটকাবাজী বলে বেরিয়ে আসতে পারবেন না।"
গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে পুঁজিবাজারে ব্যাপক উত্থান-পতনের পর কারসাজির অভিযোগ তুলে রাস্তায় নামে বিনিয়োগকারীরা। এরপর সরকারের নির্দেশে একটি তদন্ত কমিটি করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশন পুনর্গঠনসহ বেশকিছু পদক্ষেপও নেয় সরকার।
শেয়ার বাজারের উন্নতির স্বার্থে এসব বিষয় বাস্তবায়নের আহ্বান জানান কৃষিমন্ত্রী।
বঙ্গোপসাগরের দুটি ব্লক থেকে গ্যাস উত্তোলনের জন্য কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তির যৌক্তিকতা তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, "জাতীয় স্বার্থে এ চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী তারা বাংলাদেশকে গ্যাস বিক্রি করতে বাধ্য থাকবে।"
সরকার গত ১৬ জুন কনকো-ফিলিপসের সঙ্গে এই 'উৎপাদন-বণ্টন' চুক্তি করার পর তা বাতিলের দাবিতে আগামী ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতাল ডেকেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শুরু থেকেই তারা এ চুক্তির বিরোধিতা করে আসছে।
সরকারের এবারের যাত্রা সহজ নয় মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, "শেখ হাসিনা মানুষের মুক্তির জন্য লড়ে যাচ্ছেন। এবারের যাত্রা ঝড়ের খেয়ায় বেয়ে যাওয়া। খেয়ার হাল ধরে এগোচ্ছেন প্রধানমন্ত্রী। অন্ধকার শেষে আলোর দিকে যাচ্ছি আমরা।"
কৃষিমন্ত্রীর পরে আলোচনায় অংশ নিয়ে আলী আশরাফও বলেন, "শেয়ার বাজার নিয়ে আমরা যা করলাম, তা খুব দুঃখজনক। এ সমস্যা সমাধানে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকালে সংসদের বৈঠক শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০১৭ ঘ.
bdnews24