২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে নির্বাচনী সংঘাতে পুলিশ-আনসারসহ আহত ১৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ১৭ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

গাইবান্ধা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ১৭ জন আহত হয়েছে। পাড় গয়রা গ্রামে বৃহস্পতিবার প্রথম প্রহরে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়। সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। আহতদের মধ্যে সোনার পাড়া গ্রামের মোকলেছুর রহমানকে (৩০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পুলিশ কনস্টেবল তোশারফ হোসেন, মো. মন্টু মিয়া, আনসার সদস্য রাজু মিয়া, উপজেলার কালিকা ডোবা গ্রামের রানা মোল্লা (৪০) ও পৌর সদরের ঐক্য পাড়ার শিশিরকে (২৫) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহম্মাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, রাত পৌনে ১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জগলুল রশীদ রিপনের সমর্থকরা মটর সাইকেল নিয়ে পাড়গয়রা এলাকায় প্রচারে যায়। তখন বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক কবীর আহম্মেদের সমর্থকরা তাদের আটকালে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ গেলে ফারুক সমর্থকরা পুলিশের গাড়ি ভাংচুর এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় বলে ওসি দাবি করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহেদ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তারা লাঠিপেটা ও গুলি ছুড়ে রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮০/৯০ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১০ ঘ.