ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিন আবেদন খারিজ করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর একক বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে জামায়াত নেতাদের পক্ষে ব্যরিস্টার আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রায়ের পর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনায় জামিন না দেওয়ায় আমরা হতাশ এবং হাইকোর্টে এটা নজিরবিহীন।
তিনি বলেন, "রায়ের পক্ষে যুক্তি দেখিয়ে আদালত বলেছে, ঘটনার আগে রাজশাহী সফরের সময় স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে আসামিরা বৈঠক করেছেন। পরে ওই নেতারা শিবির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এটার মাধ্যমে ওই ঘটনায় তাদের ইন্ধন থাকার প্রমাণ পাওয়া যায়।"
"এছাড়া একই ঘটনায় দায়ের করা অন্য মামলার আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে লিখিতভাবে উপস্থাপন না করার কারণ দেখিয়ে আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে।"
গত ২৪ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দেওয়ার পর প্রধান বিচারপতি আবেদনটি শুনানির জন্য এই বেঞ্চে পাঠিয়েছিলেন।
দ্বিধাবিভক্ত আদেশে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জামিনের পক্ষে ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বিপক্ষে রায় দিয়েছিলেন।
২০১০ সালের ৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হত্যার ঘটনায় করা মামলায় এই শীর্ষ তিন জামায়াত নেতাকে গ্রেপ্তার দেখানো হয় একই বছরের ৩০ জুন।
এর আগে ৯ ফেব্র"য়ারি রাজশাহীর মতিহার থানায় ৩৬ শিবির নেতাকর্মীর বিরুদ্ধে ওই মামলা করা হয়।
জামায়াতের এই তিন নেতা একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/এইচএ/১৭৫৩ ঘ.
bdnews24