বাগেরহাট, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের আক্রমণে মো. মাজেদ সরদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল ক্যাম্পের নলবুনিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে বন কর্তৃপক্ষ জানিয়েছে।
মাজেদ বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মোহম্মদ সরদারের ছেলে।
সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন বিভাগের বৈধ অনুমতি (পাশ) ছাড়াই মাজেদ সুন্দরবনের নলবুনিয়া খালে রেণু পোণা আহরণ করতে যায়। এক পর্যায়ে সকাল ১০টার দিকে তিনি বনের ভেতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে বাঘ তার ওপর আক্রমণ করে।
বেলা ১২টার দিকে স্থানীয় মৎস্যজীবীদের সহয়তায় বনের ভেতর থেকে মাজেদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। মাজেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অবৈধভাবে বনে প্রবেশ করায় মাজেদের পরিবার বন বিভাগ থেকে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা পাবে না বলে জানান মিহির দো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৭ ঘ.
bdnews24