ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন আশা করছেন, বিচারিক আদালতে আরাফাত রহমান কোকোকে দেওয়া সাজার বিরুদ্ধে আপিলের শুনানির সময় ক্ষমতায় থাকবে বিএনপি।
বৃহস্পতিবার কোকোর বিরুদ্ধে দেওয়া রায় 'সাজানো' বলেও দাবি করেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা। এর বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছেন তিনি।
মুদ্রাপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় খালেদা জিয়ার ছোট ছেলে কোকোকে ছয় বছর কারাদণ্ড দিয়ে রায় দেয় ঢাকার জজ আদালত। রায় প্রত্যাখ্যান করে বিএনপি বলছে, সরকারের 'নির্দেশে' এ রায় হয়েছে।
মাহবুব বলেন, "প্রধানমন্ত্রী এই মামলা দ্রত নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পরই আমরা বুঝেছিলাম, তড়িৎ নিষ্পত্তি মানে তড়িৎ শাস্তি। নিু আদালতের এ রায়ের ফয়সালা উচ্চ আদালতে হবে।"
"যখন এ মামলা উচ্চ আদালতে আসবে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে না। তখন দলীয়করণ মুক্ত অবস্থায় উচ্চ আদালত ন্যায়বিচার করতে পারবে বলে আমরা আশা করি", বলেন তিনি।
বর্তমান সরকার আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন মাহবুব।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে আগামী ২০১৩ সালে। ২০১৪ সালে নতুন নির্বাচন হবে।
রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম ইসলাম মিয়া বলেন, "আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ আগেই কোকোর সাজা হবে বলে ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার আলোকেই রায় দেওয়া হয়েছে।"
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিএনপি সমর্থক আইনজীবীদের এক প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, "যে আগুন আপনি জ্বেলেছেন, সেই আগুনে আপনি ছারখার হয়ে যাবেন।"
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের উদ্ধৃতি টেনে রফিকুল বলেন, "খায়রুল হক বলেছেন, বিচার বিভাগের হাত পা বেঁধে সাতার কাটতে বলা হচ্ছে...তার মানে বিচার বিভাগের হাত-পা বাঁধা রয়েছে। বিচার বিভাগ বন্দি। আর বন্দি বিচার বিভাগ এ ধরনের রায় দিচ্ছে।"
কোকোর বিষয়ে রায় প্রত্যাখ্যান বিএনপি সমর্থক আইনজীবীদের বিক্ষোভের সময় এক আইনজীবী ফুলের টব ছুড়ে মারলে দুটি গাড়ির ছাদ ও কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৬৫০ ঘ.
bdnews24