ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাতটি নতুন ফায়ার স্টেশনের জন্য ১২৩টি পদ সৃষ্টির সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সংগঠন ও ব্যবস্থাপনা) লুৎফুর রহমানের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সুপারিশ করা হয়।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্মাণাধীন ফায়ার স্টেশনগুলো হচ্ছে- সিলেট সেনানিবাস, টাঙ্গাইলের নাগপুর, বগুড়ার গাবতলী, রাজশাহীর বাঘা, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, ময়মনসিংহের হালুয়াঘাট ও নেত্রকোনার দূর্গাপুর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'দেশের গুরুত্বপূর্ণ ৭৮টি উপজেলা সদর ও স্থানে ফায়ার স্টেশন স্থাপন' প্রকল্পের অধীনে এ নতুন ফায়ার স্টেশনগুলো স্থাপন করা হচ্ছে। এগুলো বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এসবের নির্মাণ কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে।
সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জ্যোতিলাল কুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সালমা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হেদায়েত উল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫১১ ঘ.
bdnews24