সিরাজগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সাতটি, বিএনপি চারটি ও জামায়াত ইসলামী দুটি ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছে।
বুধবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা অতুল সরকার।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হলেন- উধুনিয়ায় শামছুল আলম, বড়পাঙ্গাসীতে আবু বক্কার সিদ্দিক, মোহনপুরে খালিদ ইনতেজার শক্তি মির্জা, সলঙ্গায় মোক্তার হোসেন, হাটিকুমরুলে শাহ আলম রেজা, বড়হরে জহুরুল ইসলাম চৌধুরী, উল্লাপাড়া সদর ইউনিয়নে আকমল হোসেন।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান হলেন- রামকৃষ্ণপুরে আবু বক্কার, বাঙ্গালায় আব্দুস ছাত্তার, পঞ্চক্রোশীতে জাহিদুল ইসলাম, পূর্ণিমাগাতীতে রবিউল করিম সেলিম।
এছাড়া জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে আফছার আলী দূর্গানগরে এবং অধ্যাপক শহিদুল ইসলাম সলপ ইউনিয়নে বিজয়ী হয়েছেন।
গত ৩১ মে থেকে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৫৭ ঘ.
bdnews24