মুন্সীগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে আগুনে পুড়েছে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার ভোরে সংঘটিত এ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে ব্যবসায়ীরা দাবি করছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে জমির উদ্দিনের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ১৬টি দোকানে ছড়িয়ে পড়ে।
শ্রীনগর থেকে অগ্নি-নির্বাপক বাহিনী গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাবুল বলেন, আগুনে ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মহাবুবুর রহমান জানান, শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জেলা প্রশাসক আজিজুল আলম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩০০ ঘ.
bdnews24