মৌলভীবাজার, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠায় মৌলভীবাজারের রাজনগর থানার ওসি মো. আল আমিনকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন অর রশিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওসির বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।"
গত ১৮ জুন রাজনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। নির্বাচনের পর সহিংসতা দমনে যথাযথ দায়িত্ব পালন না করার অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আল আমিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ সুপার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.
bdnews24