ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মুদ্রাপাচার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরান ঢাকার আদালতপাড়ায়।
কোকোর অনুপস্থিতিতেই বৃহস্পতিবার এ মামলায় রায় দিচ্ছেন ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেন।
দুপুর সাড়ে ১২টার দিকে রায় হবে বলে আদালত কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তারের পর খালেদা জিয়া ও তার দুই ছেলের বিরুদ্ধে ডজনখানেক মামলা হলেও রায় হবে এটাই প্রথম।
'সাজানো' মামলায় কোকোকে সাজা দেওয়া হচ্ছে- এ অভিযোগ তুলে বিএনপি সমর্থক আইনজীবীরা সকাল থেকে পুরান ঢাকার আদালতপাড়ায় বিক্ষোভ করছে। রায় হওয়ার আগেই তা প্রত্যাখ্যান করছে তারা।
অন্যদিকে মিছিল বের করেছে সরকার সমর্থক আইনজীবীরাও। তারা মুদ্রাপাচারের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের ছেলের শাস্তি দাবি করছে।
এ রায় দেওয়াকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা রয়েছে আদালত এলাকায়। দুই শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সাইরুল ইসলাম।
আদালত প্রাঙ্গণে এবং ফটকেও রয়েছে পুলিশ পাহারা।
জরুরি অবস্থায় গ্রেপ্তার এবং সরকারের নির্বাহী আদেশে ছাড়া পেয়ে বিদেশ যাওয়ার পর ২০০৯ সালের ১৭ মার্চ বর্তমান মহাজোট সরকারের আমলে কোকোর বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। মামলার সোয়া দুই বছরের মধ্যে রায় হচ্ছে।
বিএনপি আগে থেকে বলে আসছে, 'সাজানো' রায় দেওয়ার জন্য তড়িঘড়ি করা হচ্ছে। কয়েকমাস আগে মন্ত্রিসভার বৈঠকে মুদ্রাপাচার মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীর তাগিদ দেওয়াকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে প্রধান বিরোধী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিবি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24