ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর দক্ষিণ পাড়ে কেরানীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের অবরোধের কারণে ওই সড়কে মাওয়া পথে চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিলো।
সেতুর ওপর দিয়ে সারাদিন চলাচলের দাবিতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রিকশা-ভ্যান চালকরা সেতুর দক্ষিণ প্রান্তে অবরোধ করে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
মোহাম্মদ সালাম, মোহাম্মদ রফিকসহ কয়েকজন রিকশাচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতু পেরিয়ে বাবুবাজার এলেই পুলিশ তাদের আটকে রিকশা রেখে দেয়। ছাড়ে রাত ৮টার পর।
এ বিষয়ে সেতুতে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক নূরুল ইসলাম বলেন, যানজট এড়াতেই দিনের বেলা সেতুর ওপর দিয়ে বাবুবাজার পর্যন্ত রিকশা ও ভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
অবরোধের খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এক পর্যায়ে কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সারাদিন রিকশা ও ভ্যান চলাচলে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে সকাল ১০টার দিকে চালকরা অবরোধ তুলে নেয়।
এরপর থেকে ওই সড়কে গাড়ি চলাচল বাধাহীনভাবে চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১০০ ঘ.
bdnews24