২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫০০ কিলোমিটার পাইপ বসাবে ঢাকা ওয়াসা

ঢাকা ওয়াটার সাপ্লাই ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সরকারি অর্থায়নে রাজধানীর অন্যান্য এলাকায় পর্যায়ক্রমে আড়াই হাজার কিলোমিটার নতুন পাইপ বসাবে ঢাকা ওয়াসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 07:15 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ওয়াটার সাপ্লাই ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সরকারি অর্থায়নে রাজধানীর অন্যান্য এলাকায় পর্যায়ক্রমে আড়াই হাজার কিলোমিটার নতুন পাইপ বসাবে ঢাকা ওয়াসা। বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সাংসদ নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, চলতি জুন মাস থেকে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১৫২ কিলোমিটার নতুন পাইপ বসানো হচ্ছে। এরপর আরও ৭টি পর্বে পর্যায়ক্রমে আড়াই হাজার কিলোমিটার পাইপ বসানো হবে। আরেক প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, অদক্ষ কারিগর দিয়ে লাইন নিতে গিয়ে অনেক সময় গ্রাহকরা মূল সরবরাহ লাইনে ছিদ্র করে ফেলে। আবার মরচে ধরে বা অন্যান্য কারণেও পাইপ লাইন ছিদ্র হয়ে থাকে। এ ধরনের ত্র"টিযুক্ত পাইপ বদলানোর বিষয়ে সরকার অগ্রাধিকারভিত্তিতে পদক্ষেপ নিচ্ছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গ্রীষ্মে ঢাকা মহানগরীর পানির চাহিদা মেটাতে ঢাকা ওয়াসা ৭টি নতুন গভীর নলকূপ বসাচ্ছে এবং ও ৯টি নলকূপ প্রতিস্থাপন করছে। এ কাজ শেষ হলে পানি উৎপাদন বাড়বে দৈনিক প্রায় সাড়ে ৪ কোটি লিটার। সকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরআরডি/জেকে/০১১১ ঘ.