২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ পুরোপুরি নিয়ন্ত্রণে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাছান মাহমুদ খন্দকার বলেছেন, জঙ্গিবাদ এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাছান মাহমুদ খন্দকার বলেছেন, জঙ্গিবাদ এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আছে। বুধবার দুপুরে রাজারবাগ টেলিকম অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদকে আমরা অত্যন্ত কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। এখনো এই কাজ সুন্দর এবং সমন্বিতভাবে এগিয়ে যাচ্ছে।" অবসর প্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির আয়োজনে 'মাদকাসক্তি ও শিশুদের সংশ্লিষ্টতা' শিরোনামের সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ আলি এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আব্দুল জলিল উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ পড়েন পুলিশের সাবেক অতিরিক্ত মহা-পরিদর্শক ও সমিতির নির্বাহী সদস্য মোহাম্মদ সালাম। আইজিপি জানান, জঙ্গি বিষয়ে একটি জাতীয় কমিটি আছে, এই কমিটির দুইমাস পরপর সভা হয় এবং সেখানে তাকে জবাব দিতে হয় জঙ্গি দমনে কী করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ভারতের সঙ্গে সমঝোতা রয়েছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে আমাদের চিহ্নিত করা অধিকাংশ ফেনসিডিলের কারখানা উচ্ছেদ করেছে। "বর্তমানের ক্রেজ মাদক ইয়াবা ট্যাবলেট মায়ানমার সীমান্ত দিয়ে আসছে। এ নিয়ে মায়নমারের কাছে আলোচনার প্রস্তাব পাঠনো হয়েছে।" আগামী দু মাসের মধ্যে ভারতের মতো সমঝোতা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পুলিশ সদস্যরা বিভিন্ন মতামত তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩২০ ঘ.