২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপক্ষের 'ব্যর্থতায়' মকিম গাজী খালাস

রাষ্ট্রপক্ষের 'ব্যর্থতায়' একটি মামলা থেকে বেকসুর খালাস পেলো কুখ্যাত ডাকাত মকিম গাজীসহ ১১ আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপক্ষের 'ব্যর্থতায়' একটি মামলা থেকে বেকসুর খালাস পেলো কুখ্যাত ডাকাত মকিম গাজীসহ ১১ আসামি। ঘটনার দীর্ঘ ২১ বছর পর বুধবার ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এএফএম আমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। বিচারক আক্ষেপ করে বলেন, "অভিযোগ প্রমাণে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) হতাশাজনকভাবে ব্যর্থ হওয়ায় আসামিরা বেকসুর খালাস পেলো।" মামলার নথিতে বলা হয়েছে, ১৯৯১ সালের ১ মে ঢাকার শহীদবাগ এলাকার গৃহবধূ মোসাম্মৎ জিবুন্নেসা তার বাসায় ডাকাতির অভিযোগে মতিঝিল থানায় এ মামলা করেন। এজাহারে বলা হয়, ১৯৯১ সালের ৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ৮-১০ জন ডাকাত ওই বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। তদন্ত শেষে ওই বছরের ২৬ ডিসেম্বর মকিম গাজীসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৯৯৪ সালের ১০ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতসহ দুটি আদালতে সাক্ষ্য গ্রহণের পর যুক্তিতর্কের পর্যায়ে মামলাটি দুই নম্বর বিশেষ জজ আদালতে বিচারের জন্য আসে। আদালতের রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এ মামলার তদন্ত কর্মকর্তাসহ অন্য সাক্ষীদের সাক্ষ্য শোনার জন্য আদালতে আবেদন করেছিলেন। কিন্তু বিচারক 'উদ্দেশ্যমূলকভাবে অতি উৎসাহী হয়ে' তা নাকচ করে দেন। মামলাটি অনেকদিনের 'পুরনো' উল্লেখ করে যুক্তিতর্কের পর্যায় থেকেই শুনানি করেন। বুধবার আদালতের রায়ে এ মামলার আসামি মকিম গাজী, লাল গাজী, মোস্তফা খান, জুলহাস, আলমগীর, হাবিব উল্লাহ, সায়েদুর মোল্লা, আলতাফ হোসেন, কালাম শিকদার, কাঞ্চন গাজী ও ইউনূস সরকারকে খালাস দেওয়া হয়। এদের মধ্যে ইউনূস সরকার বিচার চলাকালীন সময়েই মারা যান। বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত পেশকার ইমরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষীর মধ্যে মাত্র পাঁচজন আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন। মামলার নথি এতোটাই জীর্ণ ও পুরানো হয়ে গেছে যে তদন্ত কর্মকর্তার নামও খুঁজে বের করা যায়নি। তিনি বলেন, "এ মামলার বিচারকাজে কোনো বিচারক বা কোনো রাষ্ট্রীয় আইন কর্মকর্তাই মনোযোগী ছিলেন না। মনোযোগী হলে এতো বড় ডাকাত খালাস পেতো না।" সর্বশেষ ২০০৭ সালের ১৭ আগস্ট এ মামলার সাক্ষ্য গ্রহণ করা হয় বলে ইমরুল হোসেন জানান। যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিচারক রায়ে বলেন, তদন্তকারী কর্মকর্তাসহ চাক্ষুস সাক্ষীরা এ মামলায় সাক্ষ্য দেননি। রাষ্ট্রপক্ষ আদালতে সাক্ষীদের উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। তাছাড়া যারা এই মামলায় সাক্ষী দিয়েছেন, তারা কেউই এজাহারের বর্ণনা সমর্থন করেননি। নথির ত্র"টি তুলে ধরে বিচারক বলেন, আসামিদের বিরুদ্ধে গঠিত অভিযোগই নথিতে নেই। এর ভেতরে ঢুকে পড়েছে অন্য মামলার অভিযোগ। হত্যা, ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন মামলায় ১০৫ বছরের সাজাপ্রাপ্ত মকিম গাজীর বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা বিচারাধীন। ১৯৯০ এর দশকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এই ডাকাতি মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হাবিব উল্লা, মনিরুজ্জামান, শাহ মো. শাহীন হাসান, মজনু মোল্লা। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি ফরিদ উদ্দিন আহমেদ। রায় ঘোষণান সময় মকিম গাজি ও জুলহাসকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। জামিনে থাকা চারজনও আদালতে হাজির হন। বাকি ৪ আসামি পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২২৩১ ঘ.