২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দারিদ্র্য কমেছে, বেড়েছে আয়'

সরকারি হিসাবে গত পাঁচ বছরে দেশে দারিদ্র্যের হার ৮ দশমিক ৫ শতাংশ কমেছে। পাশাপাশি বেড়েছে মাথাপিছু আয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি হিসাবে গত পাঁচ বছরে দেশে দারিদ্র্যের হার ৮ দশমিক ৫ শতাংশ কমেছে। পাশাপাশি বেড়েছে মাথাপিছু আয়। ২০০৫ সালে দেশে দারিদ্র্যের হার ছিলো ৪০ শতাংশ, যা ২০১০ সালে কমে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫ শতাংশে। তবে রংপুর বিভাগে এই হার ৪২ দশমিক ৩ শতাংশ যা দেশের অন্যান্য বিভাগের তুলনায় বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপ ২০১০-এ বেরিয়ে এসেছে এ তথ্য। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিবিএস ও বিশ্বব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, বর্তমানে শহরাঞ্চলের ২১ দশমিক ৩ শতাংশ এবং গ্রামের ৩৫ দশমিক ২ শতাংশ লোক দরিদ্র। এ ছাড়া ১৭ দশমিক ৬ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এর মধ্যে ২১ দশমিক ১ শতাংশ শহরে এবং ৭ দশমিক ৭ শতাংশ গ্রামাঞ্চলে বাস করে। ২০০৫ সালে দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ছিলো ২৫ দশমিক ১ শতাংশ। মাসিক আয় বেড়েছে ১০৬৭ টাকা জনগণের মাথাপিছু মাসিক আয় এক হাজার ৪৮৬ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৫৩ টাকা। অন্যদিকে ২০০৫ সালে মাথাপিছু মাসিক গড় ব্যয় এক হাজার ২৩১ টাকা হলেও ২০১০ সালে এ ব্যয়ের পরিমাণ দুই হাজার ৪৪৭ টাকায় দাঁড়ায় বলে জরিপে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রেমিটেন্স ছাড়া প্রত্যেক পরিবারের বর্তমানের মাসিক গড় আয় ১০ হাজার ৬৪১ টাকা। রেমিটেন্সসহ প্রত্যেক পরিবারের মাসিক গড় আয় ১৯ হাজার ৩৮৭ টাকা। বিবিএস'র মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা জানান, ২০১০ সালের ১ ফেব্র"য়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের ১২ হাজার ২৪০ পরিবারের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়। শহরের চার হাজার চারশ' এবং গ্রামাঞ্চলের সাত হাজার ৮৪০টি পরিবারের মধ্যে জরিপ চালানো হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের প্রত্যেক উপজেলায় এই জরিপ করা হয়েছে। শাহাজাহান আলী বলেন, দেশে দরিদ্র্য মানুষের সংখ্যা কমার পাশাপাশি মানুষের আয়-ব্যয়ের বৈষম্যও কমেছে। তবে নিু মধ্যবিত্ত মানুষের আয় বাড়লেও মধ্যবিত্তদের আয় বাড়েনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী একে খন্দকার।" বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই জরিপের ফল ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, "দেশের অর্থনীতিবীদ, গবেষণসহ বিভিন্ন স্তরের লোকজন এ জরিপের ফলাফলকে ডেটাবেজ হিসেবে ব্যবহার করতে পারবে।" দরিদ্র বেশি রংপুরে, কম চট্টগ্রামে বিভাগ ভিত্তিক জরিপে দেখা গেছে, চট্টগ্রামে দারিদ্র্যের হার সবচেয়ে কম এবং রংপুরে সর্বাধিক। সাতটি বিভাগের মধ্যে বরিশালে ৩৯ দশমিক ৪ শতাংশ, চট্টগ্রাম ২৬ দশমিক ২, ঢাকা ৩০ দশমিক ৫, খুলনা ৩২ দশমিক ১, রাজশাহী ২৯ দশমিক ৭, রংপুর ৪২ দশমিক ৩ এবং সিলেট বিভাগে ২৮ দশমিক ১ শতাংশ লোক দরিদ্র। বিদ্যুৎ-বঞ্চিতের সংখ্যা কমেছে পাঁচ বছর আগে জনগোষ্ঠীর ৪৪ দশমিক ২ শতাংশ বিদ্যুৎসেবা পেত। বর্তমানে ৫৫ দশমিক ৩ শতাংশ মানুষ বিদ্যুৎ-সুবিধা পাচ্ছে। এর মধ্যে ২০০৫ সালে গ্রামের ৩১ দশমিক ২ শতাংশ লোক বিদ্যুৎ পেলেও বর্তমানে ৪২ দশমিক ৫ শতাংশ জনগণ বিদ্যুৎ পাচ্ছে। শহরের ৯০ দশমিক ১ শতাংশ মানুষ বর্তমানে বিদ্যুৎ পাচ্ছে, ২০০৫ সালে এ হার ছিলো ৮২ দশমিক ৬ শতাংশ। শিক্ষার হার বেড়েছে ৬ ভাগ গত পাঁচ বছরে শিক্ষার হার বেড়েছে ৬ শতাংশ। ২০০৫ সালে দেশে শিক্ষার হার ৫১ দশমিক ৯ শতাংশ থাকলেও তা ৫৭ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। মোবাইল ব্যবহার বেড়েছে ৫ গুণ দেশের ৬৩ দশমিক ৭ শতাংশ মানুষ মোবাইল ব্যবহার করছে। ২০০৫ সালে দেশে মোবাইল ব্যবহারকারীর হার ছিলো ১১ দশমিক ৩ শতাংশ। অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিবিএস'র সচিব রীতি ইব্রাহিম, বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের প্রধান সঞ্জয় কাঠুরিয়া অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে জরিপের ফলের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ব ব্যাংকের পরামর্শক ফাইজুদ্দিন আহমেদ। এ ছাড়া জরিপের ফল নিয়ে আলোচনায় অংশ নেন পরিসংখ্যান ব্যুরোর সাবেক সচিব ওয়ালিউল ইসলাম, পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এমকে মুজেরি, বিশ্ব ব্যাংকের সিনিয়র অর্থনীতিবীদ নবুও ওসহিদা ও অনন্যা বসু এবং জরিপ প্রকল্পের পরিচালক মো. জাহিদুল হক সরদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/পিডি/২১১৭ ঘ.