সিলেট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ দফা দাবিতে বুধবার ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে সিলেটের ট্রাক মালিক-শ্রমিকরা।
জেলা ট্রাক মালিক গ্র"প ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের দাবির মধ্যে রয়েছে- সিলেট-তামাবিল সড়ক থেকে বাঁশকল প্রত্যাহার, দিনের বেলা নগরীর আম্বরখানা দিয়ে ট্রাক চলাচলের অনুমতি প্রদান এবং কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক্টর দিয়ে পাথর বহন ও মালিক সমিতির নামে চাঁদাবাজি বন্ধ ইত্যাদি।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে এ সব দাবি জানিয়ে এলেও কর্তৃপক্ষ কান না দেওয়ায় ধর্মঘট করছেন তারা।
ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেট জেলার অভ্যন্তরীণ কোনো রুটে ট্রাক চলাচল করছে না। ভোলাগঞ্জ ও জাফলং পাথর কোয়ারি থেকে পাথর পরিবহনও বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24